• মামলা করতে থাকুন, মেডেলের সংখ্যাও বাড়বে, কটাক্ষ রাহুলের, এফআইআর দায়ের উত্তরাখণ্ড পুলিশের
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • নয়াদিল্লি: উত্তরাখণ্ডের হলদোয়ানিতে  মল্লিকার্জুন খাড়্গের সভাস্থল ‘শুদ্ধকরণে’র অভিযোগ ঘিরে কংগ্রেস-বিজেপির বাগযুদ্ধ। দলিত নেতা খাড়্গের প্রতি সুবিচারের দাবিতে সরব লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি তফসিলি জাতি-উপজাতি আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার দাবি জানান। এরইমধ্যে দলিতদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে পালটা রায়বেরিলির কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরাখণ্ড পুলিশ। আর এই মামলাকে আরও একটি ‘মেডেল’ বলে কটাক্ষ করেছেন রাহুল।

    গত ৮ আগস্ট খাড়্গের জনসভার পর  হলদোয়ানির রামলীলা ময়দান ‘শুদ্ধকরণ’ নিয়ে রাহুল তীব্র আক্রমণ শানিয়েছিলেন বিজেপি ও আরএসএসকে। ওই ঘটনাকে বিজেপি ও আরএসএসের মানসিকতার প্রতিফলন বলে দাবি করেন রাহুল।  কংগ্রেস নেতা বলেন, ‘বিজেপি ও আরএসএস কখনই দলিতদের উন্নতি চায় না।’ এরপরেই গত ২৯ আগস্ট রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অমিত কুমার নামে এক ব্যক্তি। তাঁর দাবি, গত ২৯ আগস্ট কংগ্রেস সভাপতির সমর্থনে সাংবাদিক সম্মেলনে দলিতদের অপমান করেছেন রাহুল। এরই ভিত্তিতে কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর করে উত্তরাখণ্ড পুলিশ। পালটা সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে রাহুল বলেন, ‘আমার বিরুদ্ধে হওয়া মামলাগুলি আসলে গলার মেডেলের মতো। মামলা করতে থাকুন, মেডেলের সংখ্যাও বাড়বে।’ এদিকে, রাহুলের বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে উত্তরাখণ্ডের বিভিন্ন থানায় পালটা অভিযোগ দায়েরের পথে হেঁটেছে প্রদেশ কংগ্রেস। হাত শিবিরের নেতাদের দাবি, তথাকথিত ‘শুদ্ধকরণে’ যুক্তদের বিরুদ্ধে পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে হবে। 
  • Link to this news (বর্তমান)