শহর পরিচ্ছন্ন রাখতে কড়া নিয়ম, যত্রতত্র মূত্রত্যাগ-থুতু-নিষিদ্ধ প্লাস্টিকে ব্যবহারে আজ থেকে জরিমানা
News18 বাংলা | ০১ সেপ্টেম্বর ২০২৬
কলকাতাঃ পুর ও নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে আজ থেকে কলকাতা শহরে নতুন নিয়ম জারি করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র মূত্রত্যাগ, খোলা জায়গায় থুতু ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে জরিমানার বিধান করা হয়েছে।
পুরমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যত্রতত্র মূত্রত্যাগ করলে ২০০ টাকা, খোলা জায়গায় থুতু ফেললে ১০০ টাকা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। তবে শহর ও সমাজের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ মানুষের সচেতনতাই সবচেয়ে জরুরি। জরিমানার নিয়ম চালু হওয়ার পরেও ধর্মতলার বিভিন্ন জায়গায় খোলা জায়গায় যত্রতত্র মূত্রত্যাগের ছবি দেখা গিয়েছে।
পাশেই পে অ্যান্ড ইউজ শৌচাগার থাকা সত্ত্বেও অনেকেই তা ব্যবহার করছেন না। এ বিষয়ে প্রশ্ন করা হলে অনেকের উত্তর, “জানা ছিল না”, আবার কেউ বলছেন, “আগে তো এমনই হতো।” নতুন নিয়ম কার্যকর হওয়ার দিনেও ধর্মতলার বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি দেখা যাওয়ায় সাধারণ মানুষের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে।
শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পুরআইনে জরিমানা চালুর সিদ্ধান্তকে স্বাগত জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, শহর পরিষ্কার রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও দায়িত্ব। মঙ্গলবার এ প্রসঙ্গে তিনি বলেন, শহর পরিষ্কার রাখার ক্ষেত্রে সচেতনতার পাশাপাশি নিয়ম ভাঙলে শাস্তির ব্যবস্থাও প্রয়োজন।
দিলীপ ঘোষ বলেন, “শহর পরিষ্কার রাখাটা আমাদের দায়িত্ব। এতে আমাদের রাজ্যের ইমেজ তৈরি হয়।” তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল।
সম্প্রতি চারজন আধিকারিককে সঙ্গে নিয়ে ইন্দোরে গিয়েছিলেন বলেও জানান দিলীপ। তাঁর কথায়, ইন্দোর দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর। সেখানে কীভাবে বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং তা থেকে গ্যাস ও সার তৈরি করা হয়, সেই ব্যবস্থা খতিয়ে দেখতেই তাঁদের সফর।