নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: প্রযুক্তি ও বাণিজ্য নিয়ে ভারত-রাশিয়া সম্পর্কের নতুন রোডম্যাপ শুরু হল কলকাতা থেকেই। সোমবার নিউটাউন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল ‘সম্পর্ক’ নামে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলন। এটি পূর্ব ভারতে প্রথমবার। অনুষ্ঠানে উপস্থিত রুশ কনসাল জেনারেল ম্যাক্সিম ভি কোজলভ জানান, ২০৩০ সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
পরমাণু শক্তিকে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি। কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রসঙ্গ তুলে বলেন, এই প্রকল্প ভারত-রাশিয়া প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। একইসঙ্গে উন্নত রিঅ্যাক্টর এবং স্মল মডিউলার রিয়েকটরসহ পরবর্তী প্রজন্মের পরমাণু প্রযুক্তির নিয়েও বক্তব্য রাখেন। রুশ কনসাল জেনারেল আরও জানান, অসামরিক বিমান চলাচল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মতো সম্ভাবনা ক্ষেত্রেও ভারতের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে মস্কো আগ্রহী। পাশাপাশি জ্বালানি পরিকাঠামো, গ্যাস, পেট্রকেমিক্যাল এবং অন্যান্য ক্ষেত্রেও নতুন সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
এই সম্মেলনে প্রাক্তন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, অবসরপ্রাপ্ত ডিরেক্টর অব মিলিটারি ইন্টেলিজেন্স কর্নেল শ্রীবাস্তবসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।