ধর্ষণ মামলায় ধৃত ক্রিকেটারের দ্রুত শুনানির আবেদন নাকচ
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে ধাক্কা খেলেন ধর্ষণে অভিযুক্ত বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। গ্রেপ্তারির বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন জানিয়ে ছিলেন তিনি। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না আদালত।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য দ্রুত শুনানির আবেদন নাকচ করে জানিয়ে দিয়েছেন, অভিষেক চাইলে জামিনের আবেদন করতে পারবেন। তবে শুনানি হবে তালিকা মেনেই। এদিন অভিষেকের তরফে দ্রুত শুনানির আবেদন জানিয়ে আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় বলেন, অভিষেকের মামলায় চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে। গ্রেপ্তারির আশঙ্কায় এই মামলা করা হয়েছিল। কিন্তু তার আগেই গ্রেপ্তার করা হয় তাঁকে। এখন মামলা বিচারাধীন। তাই জামিনের আবেদন করা যাচ্ছে না।
আদালতে আইনজীবী আরও জানান, সামনেই বাংলার দল নির্বাচন। তার আগে জামিনের নিষ্পত্তি না-হলে সমস্যায় পড়তে হবে। অন্যদিকে, বিচারপতি জানান, অভিষেক চাইলে জামিনের আবেদন করতে পারেন। তবে দ্রুত নয়, তালিকা মেনেই শুনানি হবে। আদালতের এই নির্দেশে অভিষেকের ক্রিকেট কেরিয়ারে অনিশ্চয়তা আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
কর্ণাটকের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে ১১ আগস্ট অভিষেককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে হুগলির পুলিশ। ওই তরুণীর অভিযোগ, তাঁর সঙ্গে অভিষেকের সাড়ে তিন বছর সম্পর্ক ছিল। তাঁরা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। একসঙ্গে বিদেশেও গিয়েছেন। অভিযোগ দায়েরের পর কিছুদিন কেটে গেলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। তাই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। পরে উচ্চ আদালতেরই নির্দেশে গ্রেপ্তার করা হয় অভিষেককে। গতবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক।