• পূর্ব বাসুদেবপুরে নতুন করে নদী ভাঙন, আতঙ্ক
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বছর চারেক আগে শ্যামপুর ১ ব্লকের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে হুগলি নদীর পশ্চিম পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছিল। প্রায় ১৫০ মিটার বাঁধ নদী গর্ভে চলে গিয়েছিল। ভাঙন রোধে সেচদপ্তর কাজও করেছিল। কিন্তু সেই এলাকা থেকে ৫০০ মিটার দূরে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পূর্ব বাসুদেবপুর খেয়াঘাট এলাকায় প্রায় ২০০ ফুট বাঁধ সহ রাস্তা নদী গর্ভে চলে যায়। রবিবার এই এলাকায় নদী বাঁধের রাস্তায় ফাটল দেখা দিয়েছিল। রাতে ওই ফাটল বড় আকার নেয়। সোমবার সকালে আচমকা এলাকায় থাকা পার্কের একটি অংশ সহ বাঁধ নদীতে তলিয়ে যায়। এদিন নদী বাঁধে এই ভাঙনের পরেই পুলিশের পক্ষ থেকে এলাকা ঘিরে দেওয়ার পাশাপাশি রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেলার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শ্যামপুর ১-এর বিডিও মোনাজ পাহাড়ি সহ সেচদপ্তরের আধিকারিকরা।

    সেচদপ্তরের বক্তব্য, নদীর হাওড়ার দিকে একটা ডিপ চ্যানেল তৈরি হয়েছে। সেই কারণেই বাঁধ ক্ষতিগ্রস্থ। এখানে বাঁশের খাঁচা ফেলে তার মধ্যে ইট ফেলা হবে। সোমবার সারারাত কাজ হবে। আজ মঙ্গলবার সেচদপ্তরের পদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। অন্যদিকে, এদিন সেচদপ্তরের অফিসারদের সামনে তীব্র ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বছর তিনেক আগে এই এলাকায় ফাটল দেখা দিলেও সেচদপ্তর কোনো উদ্যোগ নেয়নি। তার ফলেই এদিন ফের এই ভাঙন।
  • Link to this news (বর্তমান)