দেশে ১২৫ বছরে উষ্ণতম আগস্ট, কম বৃষ্টির পূর্বাভাস সেপ্টেম্বরেও
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের বর্ষা মরশুমে পশ্চিমবঙ্গে বৃষ্টি ভালো হলেও দেশের বড়ো অংশ জুড়ে তার ঘাটতি আছে। বর্ষার শেষ মাস, সেপ্টেম্বরেও দেশের বেশিরভাগ অংশে কম বৃষ্টি হবে বলে সোমবার পূর্বাভাসে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের তুলনায় সেপ্টেম্বরে ৯ শতাংশ কম বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের অংশে সেপ্টেম্বরেও স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে পূর্বাভাসে। আইএমডি আরও জানাচ্ছে, ১৯০১ সালের পর ২০২৬-এর আগস্ট ছিল ভারতে উষ্ণতম আগস্ট মাস। এমাসে গড় তাপমাত্রা ছিল ২৮.০১ ডিগ্রি সেলসিয়াস। আগস্ট মাসে স্বাভাবিক গড় তাপমাত্রা ২৭.৩৪ ডিগ্রি। ২০২৬-এর আগস্টে গড় সর্বনিম্ন তাপমাত্রাও ১৯০১ সালের পর সর্বোচ্চ ছিল। তা ২৪.৩৬ ডিগ্রিতে পৌঁছায়, যেখানে স্বাভাবিক গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬৮ ডিগ্রি।
আবহাওয়াবিদরা বলছেন, সেপ্টেম্বরে এমনিতেই গড় বৃষ্টিপাত অনেকটা কম থাকে। এই মাসের দ্বিতীয়ার্ধে বর্ষা মরশুম উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করে। কিন্তু খরিফ ফসলের ভালো ফলনের জন্য সেপ্টেম্বরেও কিছুটা বৃষ্টি দরকার। খুব কম বৃষ্টি হলে ফসল মাঠে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। দেশে এবার সার্বিকভাবে বৃষ্টি কম হলেও ফসল রোপণ মোটামুটি হয়েছে। ধান রোপণ তো স্বাভাবিকের থেকে কিছুটা বেশিই হয়েছে। ডাল, তৈলবীজ, মোটা দানাশস্য, আখ, তুলো প্রভৃতির চাষ যা হয়েছে তা মোটামুটি স্বাভাবিক। এখন সেপ্টেম্বরে খুব কম বৃষ্টি হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সার্বিকভাবে দেশে এখনো পর্যন্ত দীর্ঘকালীন গড়ের থেকে ১৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে।