নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছর আগস্ট মাসে কলকাতায় ৪২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একমাত্র ২০২৪ সালের আগস্টে এখানে এর থেকে বেশি বৃষ্টি (৪৬৪ মিমি) হয়েছিল। অর্থাৎ কলকাতায় বৃষ্টিপাতের সর্বকালীন বিচারে এবারের আগস্ট রয়েছে দ্বিতীয় স্থানে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে এই তথ্য। রাজ্যের রাজধানী শহরে আগস্ট মাসে বৃষ্টিপাতের দীর্ঘকালীন গড় (যা স্বাভাবিক বলে ধরা হয়) হল ৩৭২ মিমি। এবার বর্ষার মরশুমের তিন মাসে কলকাতায় মোট ১১২৯ মিমি বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৯ শতাংশ বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার জন্য কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগস্টে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি সোমবার দক্ষিণবঙ্গ ও লাগোয়া উত্তর ওড়িশার উপর ছিল। এর কিছুটা অংশ এদিন সকালে বঙ্গোপসাগরের উপর ছিল। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে দক্ষিণবঙ্গ ও উত্তর ওড়িশার উপর দিয়ে যাবে। এর প্রভাবে বেশি বৃষ্টি হচেছ ওড়িশা ও ছত্তিশগড়ে। পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও আজ, মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। সাধারণভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকার জন্য আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আগস্ট মাসে বৃষ্টি কিছুটা কম হয়। তাই সার্বিক বৃষ্টিপাতের নিরিখে দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা ছাড়া বাকি জেলাগুলি ঘাটতির তালিকায় যুক্ত হয়েছে। যদিও উত্তরবঙ্গে গড় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। যেমন, জলপাইগুড়িতেই প্রায় ১৮০০ মিমি বৃষ্টি হয়েছে এই বর্ষায়। আগস্টে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি (৭০০ মিমি) হয়েছে পূর্ব মেদিনীপুরে। সব থেকে কম (৭৭ মিমি) বৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরে।