• অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-ধর্ষণের অভিযোগ
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলি অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। বেলঘরিয়ার বাসিন্দা অভিযুক্ত শ্যামসুন্দর সাহা একসময় টলিউডে সিরিয়ালের কাজ করেছেন। পরে অভিনয় ছেড়ে ব্যবসা করছিলেন। ধর্ষণের পর ওই যুবক ঘনিষ্ঠ দৃশ্যের ছবি ভাইরাল করে দেয় বলে অভিযোগ। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে যুবককে রবিবার বেলঘরিয়া থেকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবক টলিউডের সিরিয়ালে অভিনয় করতেন। নদীয়ার বাসিন্দা তরুণীও সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি মডেলিং করতেন। কিছুদিনের মধ্যে বন্ধুত্ব জমে ওঠে দুজনের। এরপর ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান দু’জনে। বেশ কিছু সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেন দুজন। হরিদেবপুর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন। প্রায় দু’বছর ধরে সম্পর্ক ছিল দু’জনের। শ্যামসুন্দর তরুণীকে বিয়ের আশ্বাস দেন। কিন্তু পরে অস্বীকার করেন। তরুণী এই নিয়ে জোর করলে অভিযুক্ত যুবক ঘনিষ্ঠ দৃশ্যের ছবি ছড়িয়ে দেন বন্ধুদের মধ্যে। তরুণী একথা জানার পর ভেঙে পড়েন। তিনি শ্যামসুন্দরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও পারেননি। এরপর তিনি বাড়ি ফিরে গোটা ঘটনার কথা জানান। রানাঘাট থানায় লিখিত অভিযোগ করেন জুলাই মাসের শেষে। স্থানীয় থানা জিরো এফআইআর রুজু করে পাঠিয়ে দেয় হরিদেবপুর থানায়। কারণ গোটা ঘটনা কলকাতা পুলিশ এলাকায় ঘটেছে। হরিদেবপুর থানা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণ সহ একাধিক ধারায় কেস রুজু করে। কিন্তু অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল। রবিবার রাতে তদন্তকারীদের কাছে খবর আসে, শ্যামসুন্দর বেলঘরিয়া এলাকায় রয়েছেন। রাতে তাঁকে ওই এলাকা থেকে ধরা হয়। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত এর আগে একাধিক তরুণীর সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছেন।
  • Link to this news (বর্তমান)