অপরাধ পরিসংখ্যানের ভিত্তিতে শহরের ‘ক্রাইম জোন’ চিহ্নিত করার নির্দেশ দিলেন কমিশনার
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানগরীর অপরাধপ্রবণ এলাকাগুলিকে ‘ক্রাইম জোন’ হিসাবে চিহ্নিত করার নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। সোমবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইনসে কলকাতা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে এই নির্দেশ দিয়েছেন তিনি।
লালবাজারের এক বিশেষ সূত্রে খবর, এদিনের বৈঠকে সিপি বলেছেন, ডাকাতি, ছিনতাই, কেপমারি, গাড়ি চুরি, মোবাইল ছিনতাইয়ের মতো অপরাধগুলির বাড়বাড়ন্ত রয়েছে, এমন এলাকা চিহ্নিত করে ‘ক্রাইম জোন’ বা ‘হটস্পট’ তৈরি করতে হবে। গোয়েন্দা বিভাগকে এই দায়িত্ব দিয়েছেন তিনি। সিপির মতে, এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দৈনন্দিন কাজ সামলে থানার পক্ষে এই কাজ করা কার্যত অসম্ভব। তাই গোয়েন্দা বিভাগকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। গত পাঁচ বছরে কলকাতা পুলিশের হাতে থাকা অপরাধ সংক্রান্ত পরিসংখ্যানের ভিত্তিতে গোয়েন্দা বিভাগকে এই কাজ করতে হবে।
উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর মিলন মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুর্গাপুজোর সমন্বয় বৈঠক হওয়ার কথা। তার আগেই পুলিশ কমিশনার অজয় নন্দা কলকাতার সমস্ত ডিভিশনের ডিসি-কে সংশ্লিষ্ট এলাকার বড়ো পুজোর নির্মীয়মাণ প্যান্ডেল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। অবশ্য দিন কয়েকের মধ্যেই তিনি পুজো নিয়ে একটি ভিডিয়ো কনফারেন্স করবেন বলে বৈঠকে জানিয়েছেন সিপি। পাশাপাশি, এদিনের বৈঠকে সিপি ডিজিটাল আরেস্টের মতো সাইবার ক্রাইম নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে বাড়তি প্রচারের নির্দেশ দিয়েছেন। এছাড়াও সাইবার ক্রাইমে খোয়া যাওয়া টাকা উদ্ধারে জোর দিতে হবে বলে জানিয়েছেন তিনি।