মাঝ আকাশে ইঞ্জিনের সমস্যার জন্য তড়িঘড়ি আপৎকালীন অবতরণ করতে হলো গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইটের। মঙ্গলবার সকালে গোয়া বিমানবন্দরের ঘটনা। সংবাদমাধ্যম সূত্রের খবর, বিমানের ইঞ্জিন বিকল হওয়ার অভিযোগ মেলে, তার জন্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) ফুল ইমার্জেন্সি ঘোষণা করেছিল।
ইন্ডিগোর ফ্লাইট (6E 2102) মঙ্গলবার গোয়া থেকে সকাল ৯টা ১৬ মিনিটে উড়ান দেয়। তারপরেই ইঞ্জিনের সমস্যা ধরা পড়ে। ফিরে আসতে থাকে গোয়া বিমানবন্দরে। এরপরেই সকাল সাড়ে ৯টা নাগাদ ফুল ইমার্জেন্সি ঘোষণা করে ATC। সকালে ৯টা ৫১ মিনিটে গোয়া বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করে ইন্ডিগোর ওই ফ্লাইট। এরপরে সকাল ১০টা ৩ মিনিটে ফুল ইমার্জেন্সি তুলে নেয় ATC। সব যাত্রীকেই সাবধানে নামিয়ে নিয়ে এসে বোর্ডিং এরিয়ায় আনা হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, সব ক্লিয়ারেন্স মেলার পরে বিকেল সাড়ে ৩টেয় ফ্লাইটটি ফের দিল্লির দিকে উড়ান দেবে। যদিও ইঞ্জিনের ঠিক কী সমস্যা হয়েছিল তা জানা যায়নি।