• তীর্থযাত্রায় বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনা, হরিয়ানায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যান সংঘর্ষে মৃত ৬
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • ভয়াবহ পথ দুর্ঘটনায় ৬ পুণ্যার্থীর মৃত্যু। গুরুতর জখম ১৬। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে হরিয়ানার পালওয়ালে KMP (Kundli-Manesar-Palwal) এক্সপ্রেসওয়েতে। জানা গিয়েছে, ২২ জন পুণ্যার্থী নিয়ে একটি পিকআপ ভ্যান এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও ১ জনের মৃত্যু হয়। বাকি ১৬ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের মৈনপুরী জেলা থেকে ২২ জন তীর্থযাত্রী রাখি উপলক্ষে দেশের একাধিক তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। তাঁদের বেশিরভাগেরই বাড়ি কিষানপুর মুরাইয়া, চান্ডা এবং মাকোয়ার বাসিন্দা। এঁরা সকলেই রাজস্থানের খাটু শ্যাম ও বালাজি মন্দিরে পুজো দিয়ে তাঁরা বৃন্দাবনে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় সেখান থেকে মৈনপুরী ফিরছিলেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ভোরে।

    স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশেও। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসা চলাকালীনই আরও একজনের মৃত্যু হয়।

    ঘটনার পর থেকেই পিকআপ ট্রাকের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, গাড়ি চালাতে চালাতেই তন্দ্রা এসে গিয়েছিল চালকের। তার ফলেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পাননি তিনি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)