একটানা ৩৬ ঘণ্টা ডিউটি। স্টাইপেন্ড বাবদ মেলে মাসে ১২,৩০০ টাকা। কমপক্ষে তিরিশ হাজার টাকা স্টাইপেন্ড এবং ডিউটির মেয়াদ কমানোর দাবিতে সোমবার থেকে আন্দোলনে নামলেন জম্মু-কাশ্মীরের কয়েক হাজার ইন্টার্ন ডাক্তাররা। এ বিষয়ে সরব হয়েছে কংগ্রেসও। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে একটি চিঠিও পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা তারেক হামিদ কারা।
সোমবার সকাল থেকেই বিক্ষোভ-আন্দোলনে নেমেছেন কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা। বেমিনায় Sher-i Kashmir Institute of Medical Science এবং শ্রীনগরের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের বাইরে আন্দোলন এবং অনশন শুরু করেছেন ইন্টার্নরা। এর পাশাপাশি, কাশ্মীরের একাধিক জায়গায় ধর্নামঞ্চ তৈরি করে আন্দোলন করেন তাঁরা।
অন্যান্য রাজ্যে ইন্টার্নদের ৩০,০০০- ৪৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়। কিন্তু, গত সাত বছর ধরে জম্মু-কাশ্মীরের ডাক্তারি ইন্টার্নদের স্টাইপেন্ড মাসিক ১২,৩০০ টাকা। একাধিক বার সরকারের কাছে আবেদন জানিয়েও লাভ হয়নি। তাঁদের আরও দাবি, ডে এবং নাইট শিফট মিলিয়ে ২৪ থেকে ৩৬ ঘণ্টা টানা ডিউটি করতে হয় তাঁদের।
আন্দোলনকারীরা দাবি করেছেন, তাঁদের কমপক্ষে তিরিশ হাজার টাকা মাসিক স্টাইপেন্ডের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি কাজের ঘণ্টাও কমাতে হবে। সরকারের কাছ থেকে এ বিষয়ে লিখিত নির্দেশিকাও দাবি করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।
ইন্টার্নদের পাশাপাশি এ বিষয়ে সরব হয়েছে কংগ্রেসও। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে পাঠানো একটি চিঠিতে প্রদেশ কংগ্রেস নেতা তারেক হামিদ কারা জানিয়েছেন, কাশ্মীরে ডাক্তারি ইন্টার্নদের যে পরিমাণ টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়া হয় তা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি তাঁদের ডিউটিরও কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে মুখ খুলেছেন জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী সাকিনা ইতু। তিনি স্বীকার করেছেন যে, জম্মু-কাশ্মীরের ডাক্তারি ইন্টার্নদের স্টাইপেন্ড বাড়ানোর দরকার আছে। তিনি বলেছেন, অর্থ দপ্তরের সঙ্গে এ বিষয়ে জরুরি আলোচনা করা হচ্ছে। অর্থ দপ্তরের অনুমোদন মিললে স্টাইপেন্ড বাড়ানো হতে পারে বলে খবর। যদিও, ইন্টার্নদের আন্দোলন এবং অনশন সমর্থন করেননি তিনি।