হড়পা বানে জীবন বাঁচাতে লাইফলাইন ওড়না। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় বিপদের মুখে মোটরবাইকের আরোহীকে বাঁচাতে ব্যবহার করা হলো ওড়না বেঁধে তৈরি দড়ি। পাহাড়ি রাস্তায় আচমকা হড়পা বানের মুখে পড়েছিলেন মোটরবাইকের এক আরোহী। রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া জলের স্রোতে প্রায় ভেসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তাঁর। সেই সময়ে ওই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিল এক পরিবার। বিপদ বুঝে তাঁরা যুবককে উদ্ধার করতে এগিয়ে যান। এক মহিলার ওড়না ছুড়ে দেওয়া হয় ওই আরোহীকে। তা জাপটে ধরে নিরাপদ জায়গায় সরে আসেন যুবক। উদ্ধার অভিযানের ভিডিয়ো ক্যামেরাবন্দি হয়েছে, সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রবল বৃষ্টির জেরে চাম্বার কাকিয়ারা-টুনুহাট্টি রোডে হঠাৎ করে প্রবল জলস্রোত চলে আসে। একসময়ে জলের গতিবেগ এত বেড়ে যায় যে, তাকে খরস্রোতা নদীর মতো মনে হচ্ছিল। স্থানীয় একটি গ্রাম থেকে আসার সময়ে ওই জলস্রোতের মধ্যে আটকে যান বাইকের আরোহী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে মোটরবাইক নিয়ে কোনওমতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বাইকের হ্যান্ডেল ধরে সোজা রাখার চেষ্টা করছেন। স্রোতের বেগ বাড়লে, ভেসে যেতে পারতেন ওই বাইক আরোহী।
ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি গাড়ি। ভিতরে ছিল এক পরিবার। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই বাইক আরোহীকে দেখে গাড়ি থামান তাঁরা। তারপর থেকে বারবার ওই আরোহীকে ভরসা দিয়ে যাচ্ছিল ওই পরিবার। গাড়িতে থাকা দুই মহিলা তাঁদের ওড়না বেঁধে একটি দড়ি তৈরি করেন। এরপর গাড়ি থেকে নেমে, গাড়ির দরজা ধরে ভারসাম্য রেখে ওই ওড়না-দড়ি ছুড়ে দেন এক পুরুষ। বার দুয়েকের চেষ্টায় ওড়না ধরেন ওই বাইক-আরোহী। তারপর তাঁকে টেনে তোলা হয় গাড়িতে।
উদ্ধারের এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিবারের পরোপকারী মনোভাব এবং ওই পরিস্থিতিতে উদ্ধার করার সাহসের প্রশংসা করেছেন দর্শকেরা।