বিপর্যয় মোকাবিলায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা রাজ্য সরকারের। অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে তৈরি এই বিশেষ টিমের নাম ‘অর্জুন’। মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানে এই বাহিনী গড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আমফানের পর থেকে তারাতলার দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, পর্যাপ্ত যন্ত্রপাতিও নেই। আগে এই দিকে কোনও নজর দেওয়া হয়নি বলে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
কলকাতা শহরে বাড়ি বা যে কোনও নির্মাণের সময়ে আইন ভাঙার ঘটনারও প্রসঙ্গ টেনে আনেন তিনি। তাঁর অভিযোগ, ঠিকমতো সব খতিয়ে না দেখে, সব পরীক্ষা না করে নির্মাণ করা হয়েছে। একাধিক উড়ালপুলও তৈরি হয়েছে এই ভাবে। মাঝেরহাট, পোস্তা উড়ালপুল ভেঙে যাওয়া, তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে বিপদের কথা মনে করিয়েছেন মুখ্যমন্ত্রী।
‘অর্জুন’ বাহিনী কী?
‘অর্জুন’ হল রাজ্যের বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী। বন্যা, ভূমিধস, ধস-সহ বিভিন্ন বিপর্যয়ের সময়ে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজে এই বাহিনী কাজ করবে।
আপাতত ‘অর্জুন’ বাহিনীতে কত জন সদস্য রয়েছেন?
প্রাথমিক ভাবে মোট ২০০ জন সদস্য নিয়ে বাহিনী তৈরি করা হচ্ছে।
‘অর্জুন’ বাহিনীর সদস্যদের কোথায় মোতায়েন করা হবে?
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১০০ জন কলকাতায়, ৫০ জন পাহাড়ে এবং ৫০ জন সুন্দরবন এলাকায় থাকবেন।
‘অর্জুন’ বাহিনীতে কারা নিয়োগ পাচ্ছেন?
বর্তমানে রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে ৪০ বছর বয়স পর্যন্ত সদস্যদের নেওয়া হচ্ছে। সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদেরও কাজে লাগানো হবে।
অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা কি ‘অর্জুন’ বাহিনীতে যোগ দিতে পারবেন?
হ্যাঁ। আগামী দিনে অগ্নিবীর এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
‘অর্জুন’ বাহিনীতে ‘বীর’ ও ‘বীরনায়ক’ কী?
বাহিনীর সাধারণ সদস্যদের ‘বীর’ এবং তাঁদের অধীনে থাকা দলের নেতৃত্বদানকারী সদস্যদের ‘বীরনায়ক’ বলা হবে।
সদস্যদের জন্য বিমা থাকবে কি?
হ্যাঁ। গ্রুপ বিমার পাশাপাশি গুরুতর দুর্ঘটনা বা প্রাণহানির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত এবং অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ রাখার কথা জানানো হয়েছে।