মমতার বীরভূমে মামারবাড়িতে ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
আজ তক | ০১ সেপ্টেম্বর ২০২৬
শোকের ছায়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে। রহস্যজনক ভাবে মৃত্যু হল তাঁর ভাইঝির ঝুলন্ত দেহ। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের বাড়ি থেকে উদ্ধার হয় ওই তরুণীর ঝুলন্ত দেহ। মৃতের নাম বৃষ্টি মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই, তৃণমূল নেতা নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন বৃষ্টি।
জানা যাচ্ছে, এদিন বৃষ্টি মুখোপাধ্যায়ের দেহ উদ্ধার হয় রামপুরহাটের কুশুম্বা গ্রামে তাঁর বাপের বাড়ি থেকে। বছরখানেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারান বৃষ্টি। বোলপুর হাইস্কুলে তৃতীয় শ্রেণির কর্মী বৃষ্টির নাম 'অবৈধ' ভাবে নিযুক্তদের তালিকায় ছিল। পরিবার সূত্রে খবর, তিনি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল এক সন্তানের মা বৃষ্টির।
পরিবারের অভিযোগ, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি গত ৪,৫ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসা চলছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় গ্রুপ সি-র চাকরিটি হারানোর পর সম্প্রতি বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে আরও হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। আপাতত তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর বল্কের কুসুম্বা গ্রামে। ওই গ্রামে মমতার স্মৃতি বিজড়িত ঘর এখনও রয়েছে। ছোটবেলা তিনি কুসুম্বা গ্রামেই কাটিয়েছেন। আজও সময় পেলেই ছেলেবেলার সেই স্মৃতিচারণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। বিরোধীদের অভিযোগ প্রভাব খাটিয়ে বৃষ্টির চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল।