কলকাতা মেট্রোর কামরায় হলুদ আলো, অত্যাধুনিক ICF-মেধা 800 রেকও, কোন রুটে?
আজ তক | ০১ সেপ্টেম্বর ২০২৬
ভোল বদলাতে চলেছে কলকাতা মেট্রোর। সৌজন্যে অত্যাধুনিক আইসিএফ মেধা ৮০০ রেক। ইতিমধ্যেই এই রেকের ৪-৫টি সংস্করণ এসে পৌঁছেছে কলকাতায়। জানা গিয়েছে, এই রেকগুলিতে থাকছে অত্যাধুনিক নানান ফিচার। যা মর্ডানাইজ করবে কলকাতা মেট্রোকে। ইতিমধ্যেই এই রেকগুলি চলে আসার খবর নিশ্চিত করেছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নান।
নতুন রেকে কী কী আপগ্রেড করা হচ্ছে?
মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর পুরনো কাঠামোর ডিজাইন ধরে রেখেই মধ্যেই নতুন যাবতীয় ফিচার রেকগুলিতে ইনস্টল করা হয়েছে। ফলে কলকাতা মেট্রোর চেনা ঐতিহ্য বজায় থাকছে। সূত্রের দাবি, নয়া ICF-মেধা 800 রেকের ভিতরে সাদা আলোর পরিবর্তে থাকছে অ্যাসথেটিক হলুদ রঙের আলো। এই ওয়ার্ম ইন্টেরিয়ার লাইট প্যাসেঞ্জারদের প্রিমিয়াম অনুভূতি দেবে।
এছাড়াও, দরজায় থাকবে স্টেইনলিস স্টিল, ধরার জন্য থাকবে ডোর সাইড হ্যান্ডেল। পাশাপাশি সিটগুলিও তৈরি হবে স্টেইনলেস স্টিলের। অন্যদিকে, ট্রেনের বাইরের দিক-সহ ভিতরের দিকে থাকবে আরও বেশি সংখ্যায় CCTV। জরুরি প্রয়োজনে যাত্রীরা যাতে চালককে নিজেদের কথা জানাতে পারেন, তার জন্য ATO সম্বিলিত টক ব্যাক সিস্টেমকে আপগ্রেড করা হয়েছে। নতুন ৮০০ সিরিজের রেকগুলি আদতে ICF মেধা রেক-এর আপগ্রেড সংস্করণ, যা যাত্রীদের মেট্রো সফরের অভিজ্ঞতা আরও উন্নত করতে চলেছে।
কোন লাইনে এই রেকগুলি ব্যবহার করা হবে?
মেট্রো রেল সূত্রে খবর, নতুন রেকগুলি প্রথমে অরেঞ্জ লাইন অর্থাৎ প্রস্তাবিত নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালানোর কথা ভাবা হচ্ছে। যদিও বর্তমানে এই লাইনটি নিউ গড়িয়া থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত চলছে।