• পুজোয় সাংবাদিকেরা পাবেন ৩০০০ টাকা, পেনশনও বেড়ে দ্বিগুণ
    আজ তক | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • মঙ্গলবার নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যবিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি থেকে শুরু করে সাংবাদিকদের জন্য পেনশন যোজনা ও পুজোর বোনাসের ঘোষণা করলেন শুভেন্দু। ১ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে চালু এই ঘোষণায় বিরাট সুবিধা পাবেন সাংবাদিকেরা। ঠিক কোন কোন প্রকল্প চালু করা হল? জেনে নেওয়া যাক

    মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি:

    এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানালেন, যে সাংবাদিকরা ইতিমধ্যেই আয়ুষ্মান যোজনায় পরিবার-সহ আওতাভুক্ত রয়েছেন, তাঁদের আর নতুন করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু যে সাংবাদিকরা আয়ুষ্মান যোজনার আওতায় আসেননি, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আবেদন করলেই অন্তর্ভুক্ত করা হবে। এরফলে রাজ্যে তো বটেই, দেশের নামি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন সাংবাদিকেরা।

    পেনশন বেড়ে হল ৫০০০ টাকা:

    এদিন মুখ্যমন্ত্রী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের পেনশন বাড়িয়ে করে দিলেন ৫০০০ টাকা। আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত সামান্য কিছু সাংবাদিক পেনশন বাবদ  ২৫০০ টাকা পেতেন বলে জানিয়ে, শুভেন্দু জানান, পেনশনের পরিমাণ দ্বিগুণ অর্থাৎ ৫০০০ টাকা করে দেওয়া হল। এছাড়াও, যোগ্য সাংবাদিকেরা আবেদন করলে তাঁরা টাকা পাবেন। এক্ষেত্রে সংখ্যা বিচার্য নয় বলেই জানান মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় সব সাংবাদিক থাকবেন। বিশেষ করে যারা ডেস্কে কর্মরত, যাদের অ্যাক্রিডেশন কার্ড নেই তাঁরাও এই সুবিধা পাবেন।

    মুখ্য়মন্ত্রী জানান, এ বিষয়ে পর্যাপ্ত স্বচ্ছতার সঙ্গে বাছাই করা হবে। যারা যোগ্য তাঁরা অবশ্যই পেনশন পাবেন। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আনার লক্ষ্যেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী।

    পুজোয় মিলবে ৩০০০ টাকা:

    শুভেন্দু অধিকারী এদিন বলেন, আগের সরকারের আমলে কলকাতার সাংবাদিকেরা ২০০০ টাকা ও রাজ্যের অন্য জেলার সাংবাদিকেরা পুজোর আগে ১৫০০ করে টাকা পেতেন। সেই স্কিমে টাকার পরিমাণ সকলের জন্য বাড়িয়ে ৩০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।


     
  • Link to this news (আজ তক)