উল্লেখ্য, গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের নাম লেখা হোর্ডিং খুলতে যায় পুরসভা এবং পুলিশ৷ হোর্ডিং খুলতে বাধা দেন তৃণমূল কর্মী সমর্থকরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন অভিষেক৷ পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসা, ধস্তাধস্তিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়৷ পুলিশ এবং পুরসভার কর্মীদের কাজে বাধাদানের পাশাপাশি মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির চেষ্টারও অভিযোগ ওঠে৷ ক্যামাক স্ট্রিট কাণ্ডে ইতিমধ্যেই তিনটি মামলা দায়ের হয়েছে৷ এর মধ্যে দুটি মামলায় অভিষেকের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ সেই সূত্রেই এদিন বেলা ১২টার মধ্যে অভিষেককে শেক্সপিয়ার সরণী থানায় তলব করা হয়েছিল৷ এদিকে ক্যামাক স্ট্রিটের ঘটনা নিয়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টে জরুরি মামলা করে কালীঘাট তৃণমূল৷ যদিও সেই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট৷
এদিন গাড়িতে অভিষেক একা গেলেও, বৃষ্টি মাথায় নিয়ে প্রচুর কর্মী-সমর্থক ভিড় করেন থানার সামনে। সেখান থেকে অভিষেকের সমর্থনে স্লোগান তোলেন তাঁরা। জানান, ‘দাদা’ যতক্ষণ থানায় থাকবেন, তাঁরাও সেখান থেকে নড়বেন না।