• গোয়ালঘরে গরুর পাশেই অতিকায় গণ্ডার, মাঝরাতে শিউরে উঠলেন বৃদ্ধা! তারপর…
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • গরুগুলি ঠিক আছে কিনা দেখতে প্রতি রাতেই গোয়ালঘরে যান বৃদ্ধা। রবিবার রাতেও অভ্যাসবশত গিয়েছিলেন তিনি। কিন্তু গোয়ালঘরে ঢুকেই চক্ষুচড়কগাছ ওই বৃদ্ধার। গরুর পাশে ওটা কী? ধুসর রঙের বিশাল দেহ, মুখের সামনে ছুঁচালো খড়্গ। কুতকুতে চোখে তাকিয়ে আছে ওই প্রাণী। সেটিকে দেখে রীতিমতো ভয় পেয়ে যান ওই বৃদ্ধা। কারণ, গোয়ালঘরে খোদ সুবিশাল এক গণ্ডার হাজির! কী হল তারপর…

    গরু বাঁধতে গিয়ে গন্ডারের মুখোমুখি হবেন, এমনটা হয়তো তা কল্পনাই করতে পারেননি বছর পয়ষট্টির ধনবালা রায়। জলপাইগুড়ির রামশাই বাজার এলাকার বাসিন্দা ধনবালাদেবী। বাড়ি থেকে অনেকটাই দূরে জঙ্গল। হাতি, চিতাবাঘ, একশৃঙ্গ গণ্ডার আছে জঙ্গলে। আশপাশে এসে ঘোরাঘুরি করে চলে যায়। তাই বলে সোজা গোয়ালঘরে! জানা গিয়েছে, প্রতিদিনই রাতে অন্তত একবার গোয়ালঘরে গিয়ে গরুদের চোখের দেখা দেখেন ধনবালাদেবী। রবিবারও গিয়েছিলেন। রাত তখন পৌনে ন’টা। গোয়ালঘর থেকে বেরিয়ে ঘরে যাওয়ার পথে আচমকা একটি প্রাণী তাঁকে সজোরে ধাক্কা মেরে ছুটে বেরিয়ে যায়। কয়েক হাত দূরে ছিটকে পড়েন বৃদ্ধা। ততক্ষণে মেরামশাই বাজার এলাকা জুড়ে ‘গন্ডার গন্ডার’ চিৎকার শুরু।

    জলপাইগুড়ি (Jalpaiguri) বনবিভাগের রামশাই রেঞ্জের অফিসার বাসিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরেই তাঁদের নাইট পেট্রোলিং ভ্যান ছিল। হইচই শুনে তাঁরা ছুটে আসেন। আরও একটি স্পেশাল ভ্যান পাঠিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ওই বৃদ্ধার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

    বনদপ্তরের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে গরুমারা জাতীয় উদ্যানের রামশাই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল দলছুট গণ্ডারটি। লোকালয়ে ঢুকে বিভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করে। সেসময় গোয়ালঘরে আশ্রয় নিয়েছিল। ফের মানুষ দেখে ভয় পেয়ে থেকে ছুটে বেরিয়ে যায় সেটি। সেসময় গণ্ডারের ধাক্কায় আহত হন ধনবালাদেবী। রাতেইগণ্ডারটিকে তাড়া করে জলঢাকা নদীর চর এলাকায় নিয়ে যায় বনকর্মীরা। সোমবার ভোরে গণ্ডারটি গরুমারার জঙ্গলে ঢুকে গিয়েছে বলে বনদপ্তর জানিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)