NEET-UG ২০২৬-র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে হওয়া ছাত্র আন্দোলনের ঘটনায় বড় স্বস্তি পেল পড়ুয়ারা। মঙ্গলবার জুলাই মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে আন্দোলন ঘিরে দায়ের হওয়া সব FIR বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে যাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধের পূর্ব ইতিহাস রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে শুধু দিল্লি নয়, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওই সময়ের আন্দোলন সংক্রান্ত FIR বাতিল হবে। একই সঙ্গে ২০ থেকে ২৫ জুলাইয়ের ওই ঘটনাগুলিকে কেন্দ্র করে ভবিষ্যতে নতুন করে কোনও FIR দায়ের করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর পরেই ককরোচ জনতা পার্টি (সিজেপি) আদালতে জানায়, ৫ সেপ্টেম্বর যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিল, তা বাতিল করছে তারা।
তবে আদালতের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে। বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ যন্তর মন্তরে আন্দোলনের সময়ে উপস্থিত ২,৮৭৩ জনের বিরুদ্ধে FIR নতুন করে করার অনুমতি পেয়েছে দিল্লি পুলিশ। তাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধের পূর্ব ইতিহাস থাকার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের পর্যবেক্ষণ, ‘২০ থেকে ২৫ জুলাইয়ের (প্রতিবাদের) ঘটনায় অন্য কোনও রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা হলে তা বাতিল বলে ধরে নেওয়া হবে।’ তবে যে ২,৮৭৩ জন আন্দোলনকারী অতীতে অপরাধে জড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে নতুন করে মামলা করবে দিল্লি পুলিশ।
কেন্দ্রের হয়ে দিল্লি পুলিশ এবং বিহার, অসম, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট FIR বাতিলের আবেদন জানিয়েছিল। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, ২৫ জুলাই CJP নেতৃত্বের সঙ্গে কেন্দ্র যে আশ্বাস দিয়েছিল, তা কার্যকর করতেই এই আবেদন করা হয়েছে। কেন্দ্র আরও জানিয়েছে, ২০ থেকে ২৫ জুলাইয়ের আন্দোলন সংক্রান্ত ঘটনায় ভবিষ্যতে নতুন করে কোনও FIR দায়ের করা হবে না।
শুনানির সময়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ দু’পক্ষের মধ্যে আলোচনার উপর জোর দেয়। আদালতের বক্তব্য, পারস্পরিক বিশ্বাসের সঙ্গে আলোচনা করলে এই সমস্যার সমাধান সম্ভব। জবাবে তুষার মেহতা বলেন, ‘আমরা একে অপরের শত্রু নই।’ কেন্দ্র এবং আন্দোলনকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে বলেও জানান তিনি।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রস্তাবিত মিছিল প্রত্যাহার করে নিয়েছে CJP। কেন্দ্রের আশ্বাস এবং আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে CJP-র মুখপাত্র সৌরভ দাস জানান, বর্তমান পরিস্থিতিতে তাঁদের আর ওই কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। CJP-র তরফে আদালতে বলা হয়, সরকারের ইতিবাচক আশ্বাস এবং আদালতের নির্দেশের পরে ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। তার পরেই প্রধান বিচারপতির মন্তব্য, ‘উভয় পক্ষই ভাল আচরণ করলে সব কিছুরই সমাধান সম্ভব।’
NEET-UG ২০২৬ পরীক্ষা বাতিলের পরে আত্মহত্যার পথ বেছে নেওয়া পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়টিও শুনানিতে উঠে আসে। কেন্দ্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও অন্যান্য বিষয় নির্ধারণের জন্য তিন মাস সময় চেয়েছে সরকার। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে তিন মাসের মধ্যে ক্ষতিপূরণের পদ্ধতি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে।
ফলে একদিকে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে অধিকাংশ FIR বাতিল হলো, অন্য দিকে গুরুতর অপরাধে অভিযুক্তদের জন্য আইনি প্রক্রিয়া চালু রাখার পথও খোলা থাকল। আদালতের এই সিদ্ধান্তে NEET আন্দোলন ঘিরে দীর্ঘদিনের আইনি জটিলতার আপাতত বড়সড় নিষ্পত্তি হলো।