• ল্যাংচা হাবে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের, কী হলো হঠাৎ?
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • দু’বছর আগে প্রশাসনিক অভিযানে হুলস্থুল পড়ে গিয়েছিল বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা হাবে। ল্যাংচার গায়ে ছত্রাক দেখে চোখ কপালে উঠেছিল সকলেরই। মঙ্গলবার ফের সেই ল্যাংচা হাবে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের। সঙ্গে অন্যান্য খাবারের দোকানেও অভিযান চলে।

    ল্যাংচা ও মিষ্টির বেশ কয়েকটি দোকান, হোটেল, ধাবা, রেস্তোরাঁয় অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পুলিশ, বিডিও ও অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরা। তবে এ বার অভিযানে খুব বড় কিছু পাওয়া না গেলেও বেশ কিছু খুঁত খুঁজে পেয়েছেন আধিকারিকরা। মান খারাপ হওয়ায় কিছু খাদ্যদ্রব্য ও উপকরণ নষ্ট করে ফেলা হয়েছে।

    আগামিদিনে (news in bengali) কী ভাবে সতর্ক হয়ে খাবার তৈরি করতে হবে, খাদ্যদ্রব্য সুরক্ষিত রাখতে হবে, সে বিষয়েও পরামর্শ দেন। পনির, কোল্ড ড্রিঙ্ক, মশলাপাতি, ছানাও পরীক্ষা করে দেখা হয়। খাবার প্রক্রিয়াকরণ ও পরিবেশন কেমন হবে তার নির্দেশিকাও দেওয়া হয়।

    মেয়াদ উত্তীর্ণ বা গরমিল দেখলে সেই খাবার বা পানীয় নষ্ট করে ফেলতে বলা হয়েছে। ব্যবসায়ীরা জানান, এখানে বেশ কিছু দোকানে অভিযান চলেছে। তবে বড় কোনও গরমিল ধরা পড়েনি। কিছু গাইডলাইন তাঁরা জানতেন না বা মানা হয়নি, সেগুলি মেনে চলতে হবে। আর কিছু জিনিস নষ্ট করে ফেলতে হয়েছে।

    শক্তিগড়ের আমড়া মোড়, ১৯ নম্বর জাতীয় সড়কের দু’দিকে এই এলাকায় প্রচুর ল্যাংচার দোকান ও ধাবা রয়েছে। শক্তিগড়ের ল্যাংচার আদর গোটা বাংলায়। জাতীয় সড়ক ধরে গাড়িতে গেলে, ল্যাংচার দোকান দেখে দাঁড়ান না, এমন মানুষ পাওয়া দুষ্কর। এই অভিযান ক্রেতাদের সুরক্ষার জন্যই বলে জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)