বনগাঁ লোকাল থেকে আচমকাই ধোঁয়া, আগুনের স্ফুলিঙ্গ বেরোতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার অশোকনগর রোড স্টেশনে ঢোকার মুখে এই ঘটনা ঘটে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন যাত্রীরা। ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। ফের চালু হয়েছে বনগাঁ লোকাল।
এ দিন সন্ধ্যা নাগাদ অশোকনগর রোড স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল বনগাঁ লোকাল। সেই সময়েই আচমকা আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। চাকা থেকে ধোঁয়া বেরতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্ম চত্বরে। চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যাত্রীরা। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। জ্বালিয়ে দেওয়া হয় ট্রেনের এমার্জেন্সি লাইট।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। ততক্ষণে যাত্রীদের অনেকেই লাইনে নেমে পড়েছেন। প্রাথমিক ভাবে চাকার শর্ট সার্কিট বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই স্ফুলিঙ্গ এবং ধোঁয়া বেরোচ্ছিল বলেই অনুমান করা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা-নিরীক্ষা করেন রেলকর্মীরা।
ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট ব্যাহত হয় ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয় বহু যাত্রীকে। সন্ধ্যার ব্যস্ত সময়ে স্টেশনে যাত্রীদের ভিড়ও বাড়তে থাকে। পরবর্তী ট্রেনগুলিও কিছুটা দেরিতে চলায় দুর্ভোগ আরও বাড়ে।
প্রায় ৪০ মিনিট পরে রেলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল। স্টেশন থেকে রওনা দেয় বনগাঁ লোকালও। তবে পরিষেবায় কিছুটা দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। তবে বড় কোনও দুর্ঘটনা বা হতাহতের খবর নেই। এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রেল কর্তৃপক্ষ।