• সুকান্তের বাড়িতে লাঞ্চের আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর, কী থাকবে মেনুতে?
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • ইন্দ্রনীল সাহা

    প্রশাসনিক সভা করতে বুধবার বালুরঘাটে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুরঘাট লোকসভা, এই সব জায়গায় যে সমস্ত প্রজেক্টগুলো আগামী দিনে স্যাংশন হয়েছে অথবা স্যাংশন হবে, তার একটি রিভিউ মিটিংয়েও থাকবেন মুখ্যমন্ত্রী। এই কথা জানালেন খোদ বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সে দিনই সুকান্তর বাড়িতেই মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী কী থাকবে মেনুতে? বিশেষ কোনও আয়োজন থাকবে? এই সময় অনলাইনের সাংবাদিক ইন্দ্রনীল সাহার প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘এখানকার বিশেষ মাছ হচ্ছে রাইখোর বা রাইখয়রা বলে যাকে। অবশ্যই থাকবে, ইলিশ মাছও থাকবে।’

    সুকান্ত মজুমদার বলেন, ‘আর পাঁচটা বাড়িতে যেমন আত্মীয়-স্বজন বাড়িতে যায়, সেরকমই।’ তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করেছি, আমি রাজ্য সভাপতি ছিলাম, উনি বিরোধী দলনেতা ছিলেন, এখন উনি মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন। তো স্বাভাবিকভাবেই উনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমার বাড়িতে যাওয়ার জন্য। উনি এই আমন্ত্রণ রক্ষা করেছেন, সেজন্য আমি ধন্য।’

  • Link to this news (এই সময়)