সোমবার থেকেই বৃষ্টির খেলা শুরু হয়েছে শহর কলকাতায়। মঙ্গলবারও দিনভর আকাশের মুখ ভার। ফলে নিম্নচাপের বৃষ্টিতে মাসের প্রথম দিনেই অফিস টাইমে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীদের। একটানা মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা শহর ও সংলগ্ন এলাকা। বুধবারও কি এমন বৃষ্টি চলবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
হাওয়া অফিস কী জানাচ্ছে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারই নিম্নচাপের সরে যাওয়ার কথা ছিল দক্ষিণবঙ্গের উপর থেকে। কিন্তু শেষ পাওয়া খবরের আপডেট অনুযায়ী, গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে ঠায় দক্ষিণবঙ্গের মাথার উপর দাঁড়িয়ে আছে নিম্নচাপ। সরছে না। ফলত সেই কারণেই পরিস্থিতির উন্নতি হয়নি দক্ষিণবঙ্গে। মূলত উত্তর ওড়িশার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কথা রয়েছে নিম্নচাপের। অপরদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। ফলে দু’য়ের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গের উপরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে বিস্তৃত। এর প্রভাবেই সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে এ দিন গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি চলবে। সোমবারের মতো এ দিনও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতায়। আজ বৃষ্টি হবে মধ্যবঙ্গেও। বৃষ্টি-বাদলার সতর্কতা আছে মুর্শিদাবাদ, নদিয়াতেও। তবে এর পরে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে দুর্যোগের কোনও সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গে বুধবার থেকে দুর্যোগ কিছুটা কমলেও উত্তরবঙ্গে আরও কয়েক দিন চলবে ঝড়বৃষ্টি। মঙ্গলবার উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একেবারে উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ এবং বৃহস্পতিবারও ভারী বর্ষণ চলবে এই পাঁচ জেলায়। শুক্রবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতার আবহাওয়া আজ মূলত মেঘলা থাকবে। কলকাতায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়াও বইতে পারে। ইতিমধ্যে বৃষ্টির জেরে জল জমেছে কলকাতার বড় রাস্তা থেকে অলি-গলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারও জারি থাকতে পারে এই অবস্থা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
বুধবারের আবহওয়ার পূর্বাভাস
পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উপকূল ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগোচ্ছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট জারি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।