• বর্ষায় বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা, রাজ্যে চিহ্নিত ৫ হটস্পট জেলা
    দৈনিক স্টেটসম্যান | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • বর্ষার দাপট বাড়তেই রাজ্যে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে সতর্ক প্রশাসন। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ এই ৫ জেলাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। গত এক মাসে এবং চলতি বর্ষায় রিপোর্ট হওয়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পর্যালোচনা করে তালিকা তৈরি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

    স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯ আগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৫। সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭ জনের। তবে ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি অন্য গুরুতর শারীরিক সমস্যা থাকা রোগীদের ধরলে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১০ জন। ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৩৮৭ জন।

    রাজ্যের তরফে জানানো হয়েছে, ১৬ আগস্ট পর্যন্ত গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ শতাংশ কম। তবে টানা বৃষ্টির জেরে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাসিন্দাদের ছাদ, গ্যারাজ, বাগান-সহ বাড়ির বিভিন্ন জায়গায় জমে থাকা জল দ্রুত সরিয়ে ফেলার আবেদন জানানো হয়েছে। অব্যবহৃত ফুলের টব, পাত্র বা অন্যান্য সামগ্রীতেও যাতে জল না জমে, সে বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

    সরকারি ভবন ও কলকাতা পুরসভার বিভিন্ন জায়গাতেও মশার প্রজননস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতা পুরসভা ও মেট্রো রেলের যৌথ উদ্যোগে মেট্রো স্টেশন ও সংলগ্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ অভিযান শুরু হয়েছে। এসপ্ল্যানেড থেকে শুরু হওয়া এই অভিযান ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

    প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্ষার বাকি সময়জুড়ে পরিচ্ছন্নতা, নজরদারি ও মশা নিয়ন্ত্রণের কাজ আরও জোরদার করা হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)