হাজিরা দিয়েও আস্ফালন! সাড়ে পাঁচ ঘণ্টা পর শেক্সপিয়র সরণি থানা থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৬
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ, মঙ্গলবার দুপুরে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর যুক্তি, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে বিল বোর্ড খোলা নিয়ে অতিসক্রিয়তা দেখিয়েছে পুলিশ। ক্যামাক স্ট্রিটের অফিসে হওয়া ফায়ার অডিট নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। থানা থেকে বেরিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “ওঁদের যা ক্ষমতা আছে করুক।”
ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিলবোর্ড খোলা নিয়ে কলকাতা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তলব করা হয়েছিল অভিষেককে। সেই তলবে সাড়া দিয়ে মঙ্গলবার দুপুরে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন তিনি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। থানা থেকে বেরিয়ে অভিষেক জানান, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস নিয়ে যে তৎপরতা দেখা গিয়েছে তা এক মাস আগে বিজেপি সরকার দেখালে তারাপীঠের হোটেল বা মীর্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত না। এতগুলো প্রাণ খোয়াতে হত না। এর পাশাপাশি ভোটের আগে আলিপুর প্রশাসনিক ভবনের আগুন নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।
বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে কোনও শ্লীলতাহানি হয়নি বলে দাবি করেন অভিষেক। পাশাপাশি তিনি জানান, সেদিন তৃণমূলের কর্মীদের সিঁড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। হেফাজতেও তাঁদের হেনস্তার অভিযোগ তুলেছেন অভিষেক। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “ভয় পাচ্ছে, রাজনৈতিকভাবে লড়তে পারছে না। তাই এসব করছে।”