• তেলেঙ্গনার সেনা ক্যান্টনমেন্টে চুরি, উধাও AK47, পিস্তল, ১৯ হাজার বুলেট, চাঞ্চল্য
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • সেনার অস্ত্রাগার থেকে বিপুল অস্ত্রশস্ত্র লুটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার তেলেঙ্গনার সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টে এই ঘটনা ঘটে। বিষয়টা প্রকাশ্যে আসতেই শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে মঙ্গলবার দুপুরে চুরি যাওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। তবে কী ভাবে এই বিপুল অস্ত্রশস্ত্র চুরি হলো, কোথা থেকেই বা উদ্ধার হলো, সেই বিষয়ে মুখ খোলেননি সেনা কর্তৃপক্ষ।

    সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় শেষ বার অস্ত্রাগারের বন্দুক এবং গোলাবারুদের হিসেব করা হয়েছিল। সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে দেখা যায়, অস্ত্রাগারের তালা ভাঙা। চারটি একে ৪৭-সহ পাঁচটি অ্যাসল্ট রাইফেল, সাতটি পিস্তল, ২১টি ম্যাগাজিন এবং প্রায় ১৯ হাজার রাউন্ড গুলি উধাও। এর পরেই গোটা ক্যান্টনমেন্ট এলাকায় হাই অ্যালার্ট জারি করে সেনা। অভিযুক্তদের খুঁজে বের করতে বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশও।

    তল্লাশিতে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই বিপুল অস্ত্রশস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। তবে কোথা থেকে এগুলি উদ্ধার হয়েছে তা জানা যায়নি। কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা-ও অজানা। সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট এলাকা বোলারাম থানা এলাকার মধ্যে পড়ে, যা হায়দরাবাদের মালকাজগিরি পুলিশ কমিশনারেটের অংশ। চুরি যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার হলেও কী ভাবে সেগুলি সেনা ব্যারাক থেকে বের করা হলো এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

    এমন ঘটনায় অনেকেই বিস্মিত। কারণ পুরো ঘাঁটি সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলে, এভাবে চুরি সম্ভব নয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। পুলিশ সূত্রে খবর, চুরির নেপথ্যে দু’জন বা তার বেশি ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। চুরির ঘটনার পরে অস্ত্রাগারের পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

    প্রশ্ন: সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে কী চুরি হয়েছিল?

    উত্তর: চারটি AK-47-সহ পাঁচটি অ্যাসল্ট রাইফেল, সাতটি পিস্তল, ২১টি ম্যাগাজিন এবং প্রায় ১৯ হাজার রাউন্ড গুলি চুরি হয়েছিল বলে জানা গিয়েছে।

    প্রশ্ন: কখন চুরির ঘটনা ধরা পড়ে?

    উত্তর: সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে অস্ত্রাগারের তালা ভাঙা অবস্থায় দেখতে পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

    প্রশ্ন: কত দ্রুত চুরি যাওয়া অস্ত্র উদ্ধার হয়?

    উত্তর: তল্লাশি শুরু হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার দুপুরে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।

    প্রশ্ন: কোথা থেকে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে?

    উত্তর: এখনও পর্যন্ত উদ্ধারস্থল সম্পর্কে সেনা বা পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    প্রশ্ন: চুরির ঘটনায় কারা জড়িত?

    উত্তর: এখনও কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করা হয়নি। তবে দু’জন বা তার বেশি ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

    প্রশ্ন: ঘটনার তদন্ত কে করছে?

    উত্তর: সেনার পাশাপাশি স্থানীয় পুলিশও ঘটনার তদন্ত করছে। অস্ত্রাগার থেকে কী ভাবে এত বিপুল অস্ত্র বের করা হল, সেটিই এখন তদন্তকারীদের কাছে অন্যতম বড় প্রশ্ন।

  • Link to this news (এই সময়)