বুধবারই বেছে নেওয়া হতে পারে অযোধ্যার ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’র প্রথম সিইও বা মুখ্য কার্যনির্বাহীকে৷ ট্রাস্টের শীর্ষ স্তরের বৈঠকেই চূড়ান্ত করা হতে পারে সিইও-র নাম৷
অযোধ্যায় রামমন্দিরের কোটি কোটি টাকা প্রণামী চুরি বিতর্কের পরেই মন্দির পরিচালনা সংক্রান্ত দৈনন্দিন কাজ দেখভালের জন্য একজন পূর্ণ সময়ের সিইও নিয়োগের চিন্তাভাবনা শুরু করে ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। গঠন করা হয় সার্চ কমিটি৷ এই সার্চ কমিটির তিন সদস্য—অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং শিল্পপতি সুরেশ হাওয়ারে দফায় দফায় বৈঠকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫,৫৮৫টি নাম থেকে বাছাই প্রক্রিয়া শুরু করেন৷
সূত্রের দাবি, আবেদনকারীদের মধ্যে ছিলেন আইএএস ও আইপিএস আধিকারিক, ব্রিগেডিয়ার ও তার উপরের পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। প্রাথমিক বাছাই প্রক্রিয়ার পরে কমিটি ১৬ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয়।
বুধবার ট্রাস্টের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে তিন সদস্যের সার্চ কমিটি অযোধ্যায় পৌঁছে ট্রাস্ট সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের সঙ্গে দেখা করে নিজেদের চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত একটি নামের তালিকা তুলে দিয়েছেন। বুধবার ট্রাস্টের বৈঠকে এই তালিকা থেকেই বেছে নেওয়া হতে পারে সিইও৷
এর পাশাপাশি রামমন্দির পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কমিটির পুনর্গঠন এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সিইও নিয়োগ নিয়ে দেরি করতে রাম জন্মভূমি ট্রাস্ট।