• গভীর রাতে রায়মঙ্গলের বাঁধে ধস, বৃষ্টিতে বিপদ
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, সন্দেশখালি: সুন্দরবনের সন্দেশখালিতে ক্রমাগত বৃষ্টির ফলে রায়মঙ্গল নদীর বাঁধে ধস নামায় চিন্তিত মণিপুরের তালতলা কাছারিপাড়ার বাসিন্দারা। সোমবার গভীর রাতে রায়মঙ্গল নদীর বাঁধে প্রায় দেড়শো ফুট এলাকাজুড়ে ধস নামে। গভীর রাতেই জেনারেটারের আলোতে গ্রামের মানুষের সাহযোগিতায় বাঁধ সংস্কার শুরু করে সেচ দপ্তর।

    পূর্ণিমার ভরা কটালে সুন্দরবনের নদীগুলিতে জল বাড়ার পাশাপাশি শুরু হয়েছে ভারী বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টিতে সন্দেশখালি-২ ব্লকে নদী বাঁধে ধস নামায় বিস্তীর্ণ এলাকা নোনাজলে প্লাবিত হওয়ার আশঙ্কায় নদীপারের বাসিন্দারা। গভীর রাতে বাঁধ ধসে যাওয়ার খবর পেয়ে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কয়েক বছর আগে এই এলাকায় একাধিকবার নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গ্রামের পর গ্রাম। নদীর নোনা জলে ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকশো বিঘা মাছ ও ধান চাষের জমি।

    সোমবার রাতে সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে বাঁধ মেরামতির কাজ শুরু করেন। গ্রামের মানুষও পুরুষ মহিলা নির্বিশেষে হাত লাগান সেই কাজে। বাঁধের ফাটলে মাটির বস্তা ফেলে সাময়িক মেরামতি করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ভাবে বাঁশের পাইলিং দিয়ে রায়মঙ্গলের মতো নদীর বাঁধ টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। কংক্রিটের নদী বাঁধ তৈরির দাবি তুলেছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)