• সুপ্রিম-নির্দেশ: শিক্ষাকর্মী নিয়োগ করতেও ৯ মাস
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ৩৫,৬৫৪টি পদে শিক্ষক নিয়োগের জন্য আগামী বছরের ৩১ মে পর্যন্ত সময় বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এটাই শেষবারের মতো সময় বাড়ানো হলো বলেও সোমবার জানিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ। ওই নির্দেশ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড হয়েছে।

    সেখানে দেখা যাচ্ছে, শীর্ষ আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে, আগামী বছরের মে মাসের মধ্যে গ্রুপ–সি ও গ্রুপ–ডি পদে নিয়োগও সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রেও বাড়তি কোনও সময় আর দেবে না আদালত।প্রসঙ্গত, গ্রুপ–সি ও গ্রুপ–ডি পদে মোট প্রায় সাড়ে আট হাজার শিক্ষাকর্মী নিয়োগ হওয়ার কথা। তার জন্য লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে। পুজোর আগেই তার ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরে ইন্টারভিউ–সহ বাকি প্রক্রিয়া শুরু করবে এসএসসি।

    প্রসঙ্গত, গত বছর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট যখন শিক্ষক–শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজার নিয়োগ খারিজ করেছিল। তাঁদের মধ্যে ‘যোগ্য’ শিক্ষকদের শুধুমাত্র নতুন নিয়োগ না–হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    এসএসসি সূত্রের খবর, যেহেতু নবম–দশম এবং একাদশ–দ্বাদশে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অনেকখানি হয়ে গিয়েছে এবং কাউন্সেলিংও শেষ, ফলে ওবিসি ক্যাটিগরির জন্য ১৭ শতাংশ থেকে সংরক্ষণ ৭ শতাংশ হয়ে যাওয়ায় গোটা নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা অনেকটা সময়সাপেক্ষ।

    সেইমতো শীর্ষ আদালতের কাছে আর্জি জানানো হয়েছিল। কিন্তু গ্রুপ–সি ও গ্রুপ–ডি পদে শুধুমাত্র লিখিত পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। ফলে গোটা নিয়োগ প্রক্রিয়াটি আবার গোড়া থেকে শুরু করার কোনও ব্যাপার নেই। শিক্ষক নিয়োগের থেকে এখানে জটিলতাও তুলনায় কম।

  • Link to this news (এই সময়)