বারাসত, এগরা, শক্তিগড়-সহ একাধিক জায়গায় রেস্তোরাঁ, মিষ্টির দোকানে অভিযানের পরে এ বার জলপাইগুড়ির লাটাগুড়িতে বেশ কিছু বেসরকারি রিসর্টে অভিযান জেলা প্রশাসনের। মঙ্গলবার বিকেলে মালের মহকুমাশাসক উৎকর্ষ খান্ডালের নেতৃত্বে একাধিক দপ্তরের আধিকারিকরা অভিযানে নামেন। অভিযানে বেশ কিছু রিসর্টের রান্নাঘর থেকে মেয়াদ উত্তীর্ণ, নষ্ট হয়ে যাওয়া খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, লাটাগুড়ির বেশ কিছু বিলাসবহুল বেসরকারি রিসর্টে প্রশাসনের দেওয়া গাইডলাইন মানা হচ্ছে না। এমনও অভিযোগ ওঠে, কোথাও কোথাও মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া খাদ্যসামগ্রীও পরিবেশন করা হচ্ছে পর্যটকদের। এই সব অভিযোগ খতিয়ে দেখতেই মঙ্গলবার বিকেলে লাটাগুড়ির একাধিক বেসরকারি রিসর্টে অভিযান চালানো হয় প্রশাসনের তরফে। এ দিন মালের মহকুমাশাসক ছাড়াও, ক্রান্তির বিডিও রিমিল সোরেন, মাল মহকুমার খাদ্যদপ্তরের আধিকারিক নওমা লেপচা, ক্রান্তি ফাঁড়ির পুলিশ আধিকারিক তেনজিং ভুটিয়া-সহ একাধিক প্রশাসনিক কর্তা এই অভিযানে সামিল হয়েছিলেন।
এ দিনের অভিযানে রিসর্টের রান্নাঘরে কী কী সামগ্রী ব্যবহার করা হচ্ছে, বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে কি না, সমস্ত খাদ্যসামগ্রী নিয়ম মেনে ব্যবহার করা হচ্ছে কি না, ইত্যাদি বিষয় খতিয়ে দেখেন আধিকারিকরা। জানা গিয়েছে, বেশ কিছু রিসর্টের রান্নাঘর থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একাধিক নষ্ট হয়ে যাওয়া খাবারও। একাধিক খাবারের নমুনার মধ্যে পোকাও পাওয়া গিয়েছে বলে অভিযোগ।
জলপাইগুড়ির লাটাগুড়ির বেশ কিছু বিলাসবহুল বেসরকারি রিসর্টে হানা প্রশাসনের। মাল মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা আচমকাই হানা দেন লাটাগুড়ির বেশ কিছু রিসর্টে। অভিযোগ বেশ কিছু রিসর্ট প্রশাসনের দেওয়া গাইডলাইন ঠিকমতো মানছিলোনা। কোনো রিসর্টে অবৈধভাবে কোনো কাজকর্ম চলছে কিনা কিংবা পর্যটকদের কোনো সমস্যার মুখে পরতে হচ্ছে কিনা সেই বিষয় গুলো খতিয়ে দেখেন আধিকারিকেরা।
মহকুমাশাসক জানিয়েছেন, এখন ক্রেতা সুরক্ষা সপ্তাহ চলছে। সমস্ত রিসর্ট সরকারি গাইডলাইন কতটা মেনে চলছে তা খতিয়ে দেখা হচ্ছে। খাদ্যসামগ্রী থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। কোনও অসঙ্গতি মিললে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
উইকেন্ডে কিংবা উৎসবের মরশুমে কলকাতা-সহ গোটা রাজ্য থেকে এবং দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বেড়াতে যান লাটাগুড়িতে। এমন জনপ্রিয় এক পর্যটনকেন্দ্রে এমন অব্যবস্থার অভিযোগ মেলায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।