এই সময়: মিড–ডে মিল মামলায় হাইকোর্টে ইসকনের দেওয়া হলফনামা এবং স্কুল শিক্ষামন্ত্রীর পাল্টা বিবৃতি নিয়ে এবার প্রশ্ন তুলল বিরোধীরা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা পুরসভা এলাকার কোনও স্কুলে মিড–ডে মিল সরবরাহের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। হলফনামাতে এটাও বলা হয়েছে, ‘অন্নমিত্র ফাউন্ডেশন’ নামে একটি সম্পূর্ণ পৃথক সংগঠন ওই কাজের দায়িত্বপ্রাপ্ত। অন্যদিকে, রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের বক্তব্য,‘মিড–ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকেই।’
কার তথ্য সঠিক, তা নিয়েই ব্যাখ্যা দাবি করেছে বিরোধী তৃণমূল ও সিপিএম।
বিধানসভার প্রেস কর্ণারে তৃণমূলের কালীঘাট শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার বলেন, ‘হাইকোর্টে জানানো হয়েছে মিড–ডে মিল ইসকনের বদলে ‘অন্নমিত্র ফাউন্ডেশন’ দিচ্ছে। এটা সত্যি নাকি মিথ্যা? রাজ্য সরকার বলছে মিড–ডে মিল ইসকন দিচ্ছে, আর ইসকন বলছে ‘অন্নমিত্র ফাউন্ডেশন দিচ্ছে।–– এটা আমাদের কাছে স্পষ্ট নয়। কেন ইসকন দিচ্ছে না, রাজ্য সরকারের উচিত এর ব্যাখ্যা দেওয়া।’
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলা এই মামলার হলফনামা প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘রাজ্য সরকার প্রথমে বলেছে ইসকন মিড–ডে মিল দিচ্ছে। এখন অন্য সংস্থার নাম শোনা যাচ্ছে। তা হলে কি আর কোনও সংস্থা আছে? মিড–ডে মিলের এই আউটসোর্সিং কি সরকারি বরাত দেওয়ার প্রক্রিয়া মেনে হয়েছে?’
যদিও রাজ্য সরকারের স্পষ্ট বার্তা, মিড–ডে মিলের খাবার সরবরাহ নিয়ে কোনও বিভ্রান্তি নেই। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনের বক্তব্য, ‘অন্নমিত্র ফাউন্ডেশন এবং ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’ দুটি–ই ইসকনের সংস্থা। আমাদের সঙ্গে মায়াপুর ইসকনের চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী ইসকনের সংস্থা ‘অন্নমিত্র ফাউন্ডেশন’ কলকাতা পুরসভা এলাকায় মিড–ডে মিল সরবরাহ করছে। কোথায়, কে কী বলছেন, তাকে আমরা গুরুত্ব দিচ্ছি না।’
যদিও কলকাতা হাইকোর্টে ইসকনের তরফে অনন্ত ভগবান দাস জানিয়েছেন, ‘অন্নমিত্র ফাউন্ডেশন’ সম্পূর্ণ পৃথক একটি সংস্থা। দু’পক্ষের কার্যকলাপ আলাদা। অন্নমিত্র ফাউন্ডেশনকে ইসকনের অংশ হিসেবে ধরে নেওয়া যায় না।
ইতিমধ্যে কলকাতা পুরসভার বাইরে পুরুলিয়া, হাওড়া, নন্দীগ্রামের দুটি ব্লক এলাকায় মিড–ডে মিল দেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে খাবার সরবরাহকারী সংস্থা হিসেবে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশনে’র নাম রয়েছে।