বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার সেই বৃষ্টি কমে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও বাস্তবে ঘটল ঠিক বিপরীত। সোমবারের পরে মঙ্গলবার সারাদিনও বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাই। আজ, বুধবারও পরিস্থিতি মোটের উপরে একইরকম থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্যই আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রবিবারই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগে প্রবেশের পরে নিম্নচাপের কেন্দ্র ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেই। এর পাশাপাশি, জম্মু থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখাও অবস্থান করছিল। গোদের উপর বিষফোঁড়ার মতো এই অক্ষরেখার অবস্থান ছিল নিম্নচাপের কেন্দ্রের মধ্যে দিয়েই। এ ছাড়াও, বিহার ও ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই তিন জোরালো ওয়েদার সিস্টেমের প্রভাবেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে ভারী বৃষ্টি হয়েছে বঙ্গে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, নিম্নচাপ ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে।
কলকাতায় আকাশ আজ মোটের উপর মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আজও থাকছে কলকাতায়। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছ’টার মধ্যে শহরে মোট ১২৯.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে, বৃষ্টিপাতের কারণে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও হতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে
উত্তরবঙ্গেও আজ বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
এক নজরে
FAQ
বঙ্গে বর্তমান এই টানা দুর্যোগের কারণ কী?
বঙ্গে বর্তমান দুর্যোগের প্রধান কারণ হলো 'ত্রিফলা ওয়েদার সিস্টেম'। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বিহার ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করা ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে এই ভারী বৃষ্টি হচ্ছে।
আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?
আজ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে।
দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টির দাপট কমবে?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, তাই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমতে পারে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সবচেয়ে বেশি?
দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।
উত্তরবঙ্গে কি ভারী বৃষ্টির কোনও সতর্কতা রয়েছে?
হ্যাঁ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পাশাপাশি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।