সেপ্টেম্বরের শুরুতেই আবহাওয়ায় বড়সড় বদল নজরে পড়ছে। বিশেষত উত্তর ভারতে। আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে নতুন করে হবে মনসুন বুস্ট।
সক্রিয় বর্ষা এবং পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে এই প্রথম সাক্ষাৎ হল। সঙ্গে এসে জুটেছে একটি নিম্নচাপ। ফলত ৪-৭ সেপ্টেম্বরের মধ্যে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এর মূল প্রভাব যদিও পড়বে উত্তর ভারতে।
এই ত্রিফলা ওয়েদার সিস্টেমের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয়ের পাদদেশীয় রাজ্যগুলি এবং সংলগ্ন সমতলেও।
জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ত্রিফতা ওয়েদার সিস্টেমের। অতিভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই রাজ্যগুলিতে।
৪-৭ সেপ্টেম্বরের মধ্যে এই ত্রিফলা ওয়েদার সিস্টেম সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। সমতল অংশেও বর্ষা নতুন রূপ ধারণ করতে পারে।
বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি শুরু হবে পশ্চিম উত্তরপ্রদেশ, দিল্লি-NCR, পূর্ব হরিয়ানা, চণ্ডিগড় এবং পূর্ব পঞ্জাবে। ৩-৪ তারিখের মধ্যেই বৃষ্টি শুরু হবে এই অঞ্চলগুলিতে।
নিম্নভাগে বর্ষার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার মেলবন্ধনেই আবহাওয়ার পরিস্থিতি উল্লেখযোগ্য ভাবে পরিবর্তন হতে থাকবে সেপ্টেম্বরে।
এদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে। সোমবার সেই বৃষ্টি কমে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস থাকলেও ঘটেছে ঠিক বিপরীত। মঙ্গলবার সকাল থেকেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সারারাত বৃষ্টি হয়েছে। বুধবারও পরিস্থিতি মোটের উপরে একইরকম থাকার সম্ভাবনা রয়েছে। জম্মু থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছি যা ছিল নিম্নচাপের কেন্দ্রের মধ্যেই। এছাড়াও, বিহার ও ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বিহার ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করা ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে সেপ্টেম্বরের শুরুতেই।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। ফলে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।