• সেতুর সাত-আট ফুট উপর দিয়ে বইছে জল, দ্বারকেশ্বরের জলস্তর বাড়ায় দুর্ভোগে অন্তত ২০ গ্রাম
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • একটানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত বাঁকুড়া। ভারী বৃষ্টির জেরে ডুবল ভাদুল সেতু। জানা গিয়েছে, একটানা বৃষ্টিতে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তার ফলে ভাদুল সেতু জলের তলায়। সেতু ডুবে যাওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সুরপানগর, সানতোড়, বালিয়াড়া-সহ অন্তত ২০টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে মঙ্গলবার সারাদিনই কমবেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়। দ্বারকেশ্বর, শিলাবতী, গন্ধেশ্বরী, কংসাবতী-সহ বাঁকুড়ার সব নদীতেই জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেতু থেকে প্রায় ৭-৮ ফুট উঁচুতে জল বইছে। জলস্তর বিপদসীমার উপরে থাকায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

    দ্বারকেশ্বর নদের উপরে থাকা ভাদুল সেতু বাঁকুড়া শহরের সঙ্গে জেলার অন্যান্য প্রান্তের সংযোগ রক্ষা করার গুরুত্বপূর্ণ মাধ্যম। সানতোড়, বালিয়াড়া-সহ প্রায় ২০টি গ্রামের মানুষ এই সেতু দিয়েই বাঁকুড়া সদর শহরে যাতায়াত করেন। সেতু ডুবে যাওয়ায় এখন শহরে যাওয়া মুস্কিল হয়ে পড়েছে। ১০ কিলোমিটারেরও বেশি পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। ব্যাহত হচ্ছে পড়াশোনা, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজও।

    প্রতি বছর বর্ষা এলেই দ্বারকেশ্বরের জলে ডুবে যায় ভাদুল সেতু। প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি করেছেন স্থানীয়রা।

    এর পাশাপাশি, লাগাতার বৃষ্টিতে ভেঙে গিয়েছে পাত্রসায়র ব্লকের দোমনি খালের কংক্রিটের ভাষা পুল। পারাপার বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় সাধারণ মানুষ। পাত্রসায়র ব্লক সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে এলাকার ২০ থেকে ২৫টি গ্রাম।

  • Link to this news (এই সময়)