চা বাগানের সেচের জলাশয়ে পড়ে গেল মা হাতি এবং তার শাবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগানে। জানা গিয়েছে, হাতি দু’টি বক্সার জঙ্গল থেকে লোকালয়ের দিকে যাচ্ছিল। সেই সময়েই চা বাগানের সেচের জলে ওই হাতি দু’টি পড়ে যায় বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে চা বাগানের সেচের জলাশয়ে হাতি এবং তার শাবককে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বনদপ্তর এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা এবং পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। জানা গিয়েছে, দীর্ঘক্ষণের চেষ্টায় মা হাতি এবং তার শাবককে ওই জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।
বনদপ্তর সূত্রে খবর, হাতি দু’টির স্বাস্থ্য পরীক্ষার পরে তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কী ভাবে হাতিদু’টি জঙ্গল পেরিয়ে এসে পড়ল, তা খতিয়ে দেখছে বন দপ্তর।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের আতিয়াবাড়ি টি এস্টেট থেকে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। চা বাগানের শ্রমিকরা কাজ করার সময়ে ওই হাতিটিকে দেখতে পান। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছন। জানা গিয়েছে, দিন কয়েক আগেই জঙ্গল ছেড়ে ওই চা বাগানে একদল হাতি এসে পৌঁছয়। তাদের মধ্যেই ওই হস্তিশাবকটি দলছুট হয়ে যায়। যদিও, কী ভাবে ওই শাবকের মৃত্যু হলো তা জানা যায়নি।