• মা ভেন্টিলেশনে, শর্ত সাপেক্ষে জামিন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলির
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • অন্তর্বর্তিকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি। তাঁকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তিকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট। লাহেকের মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে তাঁর জামিন মঞ্জুর করার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁর আবেদন মঞ্জুর করেন। আদালতের শর্ত অনুযায়ী, লাহেক এলাকার বাইরে যেতে পারবেন না। পাশাপাশি বারুইপুর থানা ডাকলে জিজ্ঞাসাবাদে হাজির হতে হবে।

    গত জুন মাসের (news in bengali) প্রথম সপ্তাহে বারুইপুর থানা এলাকার এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে বিক্ষোভে নামেন এলাকার মানুষ। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য লাহেক আলি।

    নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা জানাজানি হতেই উত্তেজিত জনতা এক অটোচালককে সন্দেহের বশে পিটিয়ে হত্যা করে। স্থানীয় একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশকর্মীদের মারধর করার পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। সেই অশান্তিতে নাম জড়ায় লাহেকের।

    গত ১২ জুলাই লাহেক আলিকে গ্রেপ্তার করে পুলিশ। ৫০ দিন ধরে জেলে রয়েছেন লাহেক। তাঁর মা গুরুতর অসুস্থ। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এই পরিস্থিতি বিবেচনা করে আদালত অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছে।

  • Link to this news (এই সময়)