স্কুলের ছাদে রয়েছে জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কে মরে পড়ে রয়েছে পাখি। ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। অথচ, সেই জল দিয়েই মিড ডে মিলের রান্না হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের একটি স্কুলে মঙ্গলবার বিষয়টি নজরে আসার পরে গ্রামবাসীরা একজোট হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান। যদিও বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সার্কেলের গোলাদোহরা কুসুমমণি প্রাথমিক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবক তারক হালদার, শিবপ্রসাদ নস্কররা জানান, পানীয় জলের ড্রামের মধ্যে পাখি মরে পড়ে আছে বেশ কয়েকদিন ধরে। সেখান থেকেই পানীয় জল নিচ্ছে পড়ুয়ারা। তেমনই ওই জল দিয়ে তৈরি হচ্ছে মিড ডে মিল।
এক অভিভাবক বলেন, ‘ বিষয়টা জানাজানি হতেই আমরা স্কুল কর্তৃপক্ষকে জানাই। কিন্তু তাঁরা বিষয়টি নিয়ে পাত্তাই দিতে চাইছেন না।’ জানা গিয়েছে, ওই প্রাইমারি স্কুলে শিক্ষক সংখ্যা তিনজন। যার মধ্যে একজন প্যারা টিচার। তিনিই মূলত স্কুল চালান। স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ মণ্ডল দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে স্কুলে আসেন না। এমত অবস্থায় সোমবার স্কুলে এসে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।