হেরিটেজ টয়ট্রেনের লোকো শেড ভেঙে পড়ল, দার্জিলিংয়ে আহত ৭ রেলকর্মী ভর্তি হাসপাতালে
দৈনিক স্টেটসম্যান | ০২ সেপ্টেম্বর ২০২৬
এবার হেরিটেজ টয়ট্রেনের লোকো শেডের কাঠের ছাদ ভেঙে পড়ল। আর তার জেরে দুর্ঘটনা ঘটল দার্জিলিংয়ে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন রেলকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পাহাড়ের রানির জনপদে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটলে ছোটাছুটি শুরু হয়ে যায়। কারণ আহত রেলকর্মীদের আর্তনাদ শোনা যায়। হঠাৎই ভেঙে পড়ে টয়ট্রেনের লোকো শেডের কাঠের ছাদ। এই দুর্ঘটনার সময় সেখানে কর্মরত ছিলেন বেশ কয়েকজন রেলকর্মী। ছাদ ভেঙে পড়ায় ৭ জন রেলকর্মী আহত হন বলে খবর। তবে তৎক্ষণাৎ তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে খবর, বুধবার সকালে টয়ট্রেনের লোকো শেড ভেঙে পড়ে। তখন ঘটনাস্থলে ছিলেন কয়েকজন রেলকর্মী। ছাদ ভেঙে পড়ায় অন্তত সাতজন রেলকর্মী কমবেশি আহত হন। এই দুর্ঘটনা দেখে উদ্ধারকাজে ছুটে আসেন অন্য রেলকর্মীরা। আহতদের সকলকে দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের চোট গুরুতর নয়। এই ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ছুটে আসে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। রেল কর্তৃপক্ষ এই বিষয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এখানেই শেষ নয়, এই ঘটনার পর ঘটনাস্থলে আসেন দার্জিলিং হিমালয়ান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এখন ওই লোকো শেড এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এমনকী ক্ষতিগ্রস্ত শেডের অংশটি মেরামত করার কাজও শুরু হয়েছে। কী কারণে হঠাৎ ছাদ ভেঙে পড়ল সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয়ট্রেনের ইঞ্জিন শেডের কাঠের ছাদ ভেঙে পড়া নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই পাহাড়জুড়ে বৃষ্টি চলছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতার মাঝেই শৈলশহরে দুর্ঘটনার খবর এল। এই দুর্ঘটনা যখন ঘটেছে তখন আশেপাশে বেশ কয়েকজন পর্যটকও ছিলেন। এমন পরিস্থিতি দেখে তাঁরাও যথারীতি আতঙ্কিত হয়ে পড়েন। তবে ইঞ্জিনের শেডের নীচে আটকে পড়া রেলকর্মীদের উদ্ধার কাজে পুলিশের সঙ্গে হাত লাগান তাঁরাও।
তাছাড়া এই ঐতিহ্যবাহী কাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের একাধিক পর্যটন স্থানের মধ্যে অন্যতম দার্জিলিং। প্রত্যেক মাসে প্রচুর সংখ্যক পর্যটক শৈলশহরে প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে উপস্থিত হন। এখানকার টয়ট্রেন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। যা ইউনেস্কোর হেরিটেজ তকমাও পেয়েছে। সেই টয়ট্রেন স্টেশনের ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, পর্যটক সকলের মধ্যেই উদ্বেগ বেড়েছে। এই দুর্ঘটনার বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী সংবাদমাধ্যমে বলেন, ‘রাত থেকেই প্রবল বৃষ্টি চলছে। সকালে লোকো শেডের একাংশ ভেঙে পড়ে। রেলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।’