হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। বুধবার দুপুরে বৃষ্টির জমা জলে তাঁর দেহ ভাসতে দেখা যায়। মৃত যুবকের নাম সহদেব বাছার (৩২)। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সে ব্যাপারে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।
মাকড়দহ ব্যানার্জি পাড়ায় জলের মধ্যে ওই যুবকের দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বাজার করে ফেরার সময়ে বাড়ির কাছেই তাঁকে জমা জলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তখনই তাঁকে তুলে নিয়ে এসে বাড়ির উঠোনে রাখা হয়। তবে চিকিৎসককে ডাকা হলে তিনি জানান, ওই যুবক মৃত।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘ও এলাকারই যুবক। যতদূর শুনেছি, ওঁর মৃগী রোগ ছিল। এ দিন বাজার করে বাড়ি ফেরার সময়ে রাস্তায় পড়ে যায়। যত সেই সময়ে ওর কোনও শরীরিক অসুবিধা হয়। সেই অবস্থাতেই রাস্তায় জমা জলের মধ্যে পড়েছিল।’ ঘটনার পরেই খবর দেওয়া হয়েছে মাকড়দহ থানায়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মাকড়দহ ব্যানার্জি পাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যা রয়েছে। গত দু’দিন ধরে টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে রয়েছে গোটা এলাকা। যা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকারই এক বাসিন্দা বলেন, ‘গত পাঁচ-ছয় বছর ধরে এই এলাকায় জল জমে। নিকাশির কোনও ব্যবস্থা নেই। খুবই কষ্টের মধ্যে দিন কাটাতে হয় আমাদের।’ প্রশাসনের সুরাহা মেলেনি বলে দাবি তাঁদের।