বালুরঘাটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই বাড়ি কেন্দ্রীর মন্ত্রী সুকান্ত মজুমদারের। তাই আগে থেকেই সুকান্তের বাড়িতে নেমতন্ন ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর তার জন্য ঘরোয়া ভাবেই এলাহি আয়োজন করেছিল মজুমদার পরিবার। মেনুতে ছিল বালুরঘাটের স্পেশাল ডিশ। মুখ্যমন্ত্রী সঙ্গে এ দিন আতিথেয়তা গ্রহণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।
মুখ্যমন্ত্রীর পছন্দের পদ ছিল মেনুতে। ছিল সুক্ত, দেশি মুরগি এবং খাসির মাংস। মেনুতে ছিল বাংলাদেশের ইলিশ। এছাড়াও মেনুতে ছিল আত্রেয়ী নদীর রাইখর মাছ। নয়াবাজার থেকে আনা হয়েছিল মিষ্টি দই। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জন্য প্রায় আট থেকে নয় রকমের পদ রান্না হয়েছে। এরই সঙ্গে ছিল কফি ও ডাবের জলও।
মুখ্যমন্ত্রীকে জন্য রান্নার দায়িত্ব নিজের হাতেই নিয়েছিলেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার। তিনি জানান, মুখ্যমন্ত্রী কোন কোন খাবার পছন্দ করেন, সেই বিষয়টি মাথায় রেখেই মেনু সাজানো হয়েছে।
এ দিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন উপহারও।