বর্ধমানের আলোচনা হলেই উঠে আসে সীতাভোগ-মিহিদানার কথা। পুরসভার সামনেই রয়েছে প্রসিদ্ধ দোকান। বুধবার সেই দোকানে হানা দিলেন খাদ্য দপ্তরের কর্মীরা। সেই দোকানে বিক্রির জন্য রাখা পনির দেখে অবাক সরকারি আধিকারিকরা।
এ দিন বর্ধমানের পুরসভার সামনেই সীতাভোগ, মিহিদানার জন্য খ্যাত একটি মিষ্টির দোকান থেকে অভিযান শুরু করেন খাদ্য দপ্তরের কর্মীরা। সঙ্গে ছিল বর্ধমান পুরসভার আধিকার-সহ বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
বিভিন্ন মিষ্টি, মিষ্টি তৈরির উপকরণ, কাঁচামাল খতিয়ে দেখেন খাদ্য দপ্তরের কর্মীরা। বিক্রির জন্য মজুত করে রাখা পনির দেখেই চক্ষু চড়কগাছ কর্মীদের। দোকানে বেশ কয়েক কেজি মেয়াদ উত্তীর্ণ পনির উদ্ধার হয়। সেসব নষ্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আপাতত পনির বিক্রি বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এরপর অভিযান চলে বিবি ঘোষ রোডের আরও একটি নামী দোকানে। সেখানে মিষ্টির রঙ, মশলা, ঘি ও মিষ্টির নমুনা সংগ্রহ করা হয়। এই দোকান থেকেও প্রচুর মেয়াদ উত্তীর্ণ পনির পাওয়া গিয়েছে। একটি দোকান থেকে ঘি কিনে তা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতে গরমিল মিললেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার থেকে চলছে ‘খাদ্য সুরক্ষা সপ্তাহ’। বিভিন্ন শহরের নামি-দামী দোকানে খাবারের গুণমান পরীক্ষা করে দেখছেন খাদ্য দপ্তরের কর্মীরা। ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ কিছু মিললেই সেই ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার অভিযান চলেছিল শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে।