মালদা বিমানবন্দর নতুন করে চালু করতে উদ্যোগী রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পের আওতায় ফ্লাইট পরিষেবা চালুর লক্ষ্যে বুধবার মালদা বিমানবন্দরের পরিকাঠামো খতিয়ে দেখলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। তিনি জানান, রাজ্য সরকারের উদ্যোগে খুব শীঘ্রই চালু হতে চলেছে মালদা বিমানবন্দর। বুধবার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে এ নিয়ে। তার আগে সকালে বিমানবন্দর পরিদর্শন করেন তিনি।
এ দিন তিনি জেলা প্রশাসনের (news in bengali) একাধিক উচ্চ পদস্থ আধিকারিককে নিয়ে মালদা বিমানবন্দর পরিদর্শন করেন বিধায়ক। পরিদর্শনের সময়েই পরিকাঠামো-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিমানবন্দরেই একপ্রস্থ আলোচনা হয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অম্লান ভাদুড়ি জানান, রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পের আওতায় বিমান পরিষেবা চালু করা লক্ষ্য। এই বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় তৎপরতা ও কাজ শুরু হয়েছে। তাই বিমান বন্দর চালুর আগে তিনি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এ দিন পরিদর্শনে এসেছেন। সমস্ত কিছু খতিয়েও দেখলেন। এ দিন পরিবহণ দপ্তরের মিটিংয়ে বিষয়গুলি উত্থাপন করবেন।
অম্লান ভাদুড়ি বলেন, ‘এডিএম থেকে শুরু করে প্রশাসনের সকলেই এসেছেন আজ বিমানবন্দরে। এয়ারপোর্ট চালু করার ব্যাপারে কথা বললাম। এয়ারপোর্ট খুব তাড়াতাড়ি যাতে চালু করা যায়, তার সমস্ত কাজ চলছে। আজ পরিবহণ দপ্তরের বৈঠকে কথাও হবে। খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট চালু করা হবে।’
১৯৮২ সাল। গণিখান চৌধুরী তখন কেন্দ্রের মন্ত্রী তথা সাংসদ। সেই সময়ে চালু হয়েছিল মালদা বিমানবন্দর। যদিও মাসখানেকের মধ্যেই পরিষেবা বন্ধ হয়ে যায়। এখন মাঝেমধ্যে হেলিকপ্টার নামে, ওই অবধিই! অথচ কলকাতা-সহ দেশের বিভিন্ন শহর থেকে মানুষ আসেন মালদায়। এই বিমানবন্দর চালু থাকলে যাত্রী পরিবহণে যথেষ্ট সুবিধা হবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে আবারও উদ্যোগ নেওয়া হচ্ছে। খুশি মালদাবাসী।