রিল বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের ঘটনা। নিখোঁজ যুবকের নাম মহম্মদ তৌহিদ আক্রম (৩০)। তিনি শিবপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও ঘাটে রিল বানান এলাকার কিশোর-যুবকেরা। অতীতে নানা সময়ে দুর্ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও স্থানীয় যুবকের রিল বানানোয় লাগাম টানা যায়নি। বুধবার সকাল থেকেই টানা বৃষ্টি হয়েছে কলকাতা ও হাওড়া-সহ বিস্তীর্ণ এলাকায়। তার মধ্যেই রিল বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান তৌহিদ।
নিখোঁজ যুবকের সন্ধানে ঘটনাস্থলে পৌঁছন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। যুবকের খোঁজে গঙ্গায় ডুবুরি নামানো হয়। শুরু হয় অভিযান। কিন্তু এই সন্ধ্যা পর্যন্ত যুবকের হদিশ মেলেনি। ঘটনার পর থেকেই ঘাট ভিড় জমে যায়।