মঙ্গলবারই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ নির্দেশ দেন। সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে ডেঙ্গি রোধে নিয়ে একটি ‘মেগা স্বচ্ছতা অভিযান’ শুরু করা হচ্ছে বলে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কলকাতা বা শহরতলি নয়, জেলায় জেলায় পুরসভাগুলিকেও এ ব্যাপারে নোটিস পাঠানো হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে ফাঁকা জমি এবং জল জমে থাকা এলাকাগুলি পরিষ্কার করা হবে। যে সব ফাঁকা জমি অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখা যাবে, সেগুলির মালিকদের জরিমানা করা হতে পারে এবং পুর-আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজে এই পরিচ্ছনতা কর্মসূচি চালানো হবে। সাধারণ নাগরিকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান করেছেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘কারও জ্বর বা ডেঙ্গির উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা করান।’ ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষা এবং প্রয়োজনীয় ফলো-আপ কিট ও পরিষেবা প্রদান করা হচ্ছে।
নতুন সরকারের আমলে বীরভূমের রামপুরহাট ও কলকাতার ফ্রি-স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-রোস্তোরাঁর অগ্নি-নির্বাপন ব্যবস্থা প্রশ্ন ওঠে। সরকার হোটেল ও রেস্তোরাঁগুলি বন্ধ করে দিতে চায় না, তবে তারা চায় যে প্রতিষ্ঠানগুলি অগ্নি-সুরক্ষা বিধি মেনে চলুক। জানা গিয়েছে, অগ্নি-সুরক্ষা লাইসেন্সের জন্য আবেদন করার লক্ষ্যে হোটেল ও রেস্তোরাঁগুলিকে ৩০ দিনের সময়সীমা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
মন্ত্রী আরও জানান, যে সব ভবনে সিঁড়ির জায়গা নেই, অগ্নি-নির্গমন পথ (fire exit) নেই বা সুরক্ষাজনিত অন্যান্য ত্রুটি রয়েছে, সেগুলি পরিদর্শন করা হবে এবং প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে। এক্ষেত্রে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠনগুলিকেও যুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
মন্ত্রী আগেই জানিয়েছিলেন, কলেজ স্ট্রিটকে অক্সফোর্ড স্ট্রিটের আদলে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্যাংরা বা চায়না টাউন এলাকাটিকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে বিবেচনা করে আলোচনা করা হয়েছে। ট্যাংরার সামগ্রিক উন্নয়নের পরিকল্পনার জন্য আইআইটি (IIT)-র স্থাপত্য বিভাগের সহায়তা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।