রাজ্যে পালাবদলের পরে প্রথম বার দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক সফর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজে সারেন তিনি। তার পরে সন্ধ্যায় সুকান্তকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একসঙ্গে ঘোষণা করলেন ‘তিন উপহার’। শুভেন্দু বলেন, ‘জেলায় মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় আর বিমানবন্দর হবে।’
দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ এবং বিমানবন্দর সচলের ঘোষণা শুভেন্দু অধিকারীর।
বালুরঘাট বিমানবন্দর ফের চালু করে প্রথমে ১৯ আসনের বদলে ৭২ আসনের বিমান চালানোর লক্ষ্য সরকারের।
বালুরঘাট হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তরের পরিকল্পনা এবং কালীপুজোর পরে ভূমিপুজোর ঘোষণা।
দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে তিনটির বদলে সাতটি বিষয়ে পড়াশোনা চালুর সিদ্ধান্ত এবং স্থায়ী ক্যাম্পাস তৈরির উদ্যোগ।
বিমান পরিষেবা চালু হলে যোগাযোগ সহজ হবে, মেডিক্যাল কলেজ হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে ছুটতে হবে না।
বালুরঘাটে বিমানবন্দর রয়েছে। কিন্তু কার্যত পরিত্যক্ত। সেই বিমানবন্দরটিকে ফের সচল করার ঘোষণা করে শুভেন্দু বলেন, ‘আপাতত ১৯ সিটের ফ্লাইট ওড়ার কথা রয়েছে। কিন্তু তাতে আমরা খুশি নই। আমরা চাইছি ৭২ সিটার চালাতে।’ এটা ছিল শুভেন্দুর প্রথম ‘উপহার’।
সুকান্ত দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ চালুর দাবি করে আসছিলেন। এ দিন সেই কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, ‘দ্বিতীয় কাজ হবে মেডিক্যাল কলেজ তৈরি। কালীপুজোর পরে আবার আসব। তখন ভূমিপুজো হবে।’ বালুরঘাট হাসপাতালটিকেই মেডিক্যাল কলেজে রূপান্তরিত করার কথা জানিয়েছেন তিনি। বালুরঘাটে একটি নার্সিং স্কুলও রয়েছে। সেটিকে কলেজে উন্নীত করার ভাবনাচিন্তা রয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু।
তৃতীয় ‘উপহার’ হিসেবে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে আরও বড় করে তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তিনটি সাবজেক্ট পড়ানো হয়। আমরা সাতটি সাবজেক্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছি।’ সরকারি জমিতে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের রূপরেখাও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি জেলাবাসী। তাঁদের মতে, এয়ারপোর্ট তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। আর নতুন মেডিক্যাল কলেজ হলে উন্নত চিকিৎসার জন্য আর উত্তরবঙ্গ মেডিক্যাল কিংবা কলকাতার উপরে নির্ভর করতে হবে না। পড়ুয়াদের যেতে হবে না অন্য কোথাও।
দক্ষিণ দিনাজপুরে কী কী ঘোষণা হয়েছে?
মেডিক্যাল কলেজ, বিমানবন্দর সচল এবং বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের ঘোষণা হয়েছে।
বালুরঘাট বিমানবন্দরে কী পরিকল্পনা?
১৯ আসনের বদলে ৭২ আসনের বিমান চালানোর লক্ষ্য রয়েছে।
কোন হাসপাতালকে মেডিক্যাল কলেজ করা হবে?
বালুরঘাট হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
কবে মেডিক্যাল কলেজের ভূমিপুজো হবে?
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, কালীপুজোর পরে ভূমিপুজো হবে।
বিশ্ববিদ্যালয়ে কী পরিবর্তন আসছে?
বর্তমানে তিনটি বিষয়ের বদলে সাতটি বিষয়ে পড়াশোনা চালুর সিদ্ধান্ত হয়েছে।