• জমির মিউটেশন বা চরিত্র বদলে অনিয়ম ঠেকাতে কড়া নির্দেশ মন্ত্রীর, বার্তা পাট্টা জমি নিয়েও
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • মিউটেশন না করিয়ে জমি-বাড়ি বিক্রি। কিংবা জমির চরিত্র না বদলেই ব্যবসায়িক কাজকর্ম। তৃণমূল জমানায় নানা সময়ে এই অভিযোগ উঠেছে রাজ্য জুড়ে। সেই সব ‘অনিয়ম’ ঠেকাতেই কড়া নির্দেশ দিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। পাট্টা জমি নিয়েও যদি কোনও রকম অনিয়ম হয়ে থাকলে, তা-ও সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে ব্লক ভূমি রাজস্ব আধিকারিককে।

    বুধবার বর্ধমানের টাউন হলে বিষয়টি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন মন্ত্রী। তাতে জেলাশাসক শ্বেতা আগরওয়াল-সহ জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে দীপঙ্কর বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় জটিল ব্যাপার। তাতে স্বচ্ছতা আনার চেষ্টা চলছে। অনেক সময়ে দেখা গিয়েছে, মিউটেশন ছাড়া বাড়ি হয়ে গিয়েছে। কনভারশন ছাড়া ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। দেবোত্তর সম্পত্তি নিয়েও অনিয়ম হয়েছে। এ সব যাতে আগামী দিনে না হয়, সেটাই নিশ্চিত করতে বলেছি।’

    মন্ত্রীর সংযোজন, ‘যাঁদের পাট্টা দেওয়া হয়েছে, তাঁদের তালিকা তৈরি করে দিতে বলেছি। যাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাঁদের পাট্টা পাওয়া উচিত। কিন্তু তাতেও বিস্তর অনিয়ম হয়েছে। সে সব খতিয়ে দেখতে বলেছি। জমি সংক্রান্ত ব্যাপারে কাউকে ছাড়া হবে না। বিএলআরও-রা যাঁরা ভুল করেছেন, তাঁদের ভুল সংশোধন করতে হবে।’

  • Link to this news (এই সময়)