মুখ্যমন্ত্রীর সফরের আগে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদদাতা, বালুরঘাট: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বালুরঘাট সফরের আগেই আচমকা বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বুধবার সকাল ১০টা নাগাদ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগমকে সঙ্গে নিয়ে হাসপাতালে ঢোকেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, হাসপাতাল সুপার অনঘ বন্দ্যোপাধ্যায়, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু-সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
হাসপাতালে ঢুকেই সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরিষেবা কেমন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার কেমন, একাধিক প্রশ্ন করেন তিনি। রোগীদের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাওয়ার পরেই খানিক রসিকতার সুরে মন্ত্রীর প্রশ্ন, আপনাদের কেউ শিখিয়ে দেয়নি তো? একজন সাদা পায়জামা-পাঞ্জাবি পরা লোক আসবে, সে জিজ্ঞেস করলেই ভালো ভালো কথা বলতে হবে?
এরপর ইমার্জেন্সি বিভাগে গিয়ে রেজিস্টার খাতা খতিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রী। কোন রোগীকে কী ওষুধ দেওয়া হয়েছে, কী ধরনের চিকিৎসা হয়েছে, তার যাবতীয় খুঁটিনাটি যাচাই করেন। নার্স ও চিকিৎসকদেরও সরাসরি প্রশ্ন করেন তিনি। এমনকি ইমার্জেন্সিতে প্রসব যন্ত্রণা নিয়ে কোনও প্রসূতি এলে কী করণীয়, তা নিয়েও প্রশ্ন করেন মন্ত্রী। হাসপাতালের তিনতলা ভবন থেকে সুপার স্পেশালিটি বিল্ডিং, বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। হাসপাতালের ডায়ালিসিস বিভাগে চিকিৎসক না থাকার বিষয়টিও তাঁর নজরে আনা হয়। পাশাপাশি হাসপাতাল চত্বরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও কর্তৃপক্ষকে প্রশ্ন করেন মন্ত্রী। হাসপাতাল সূত্রের দাবি, সারা বছর বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকলেও মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সফরের আগে হাসপাতাল চত্বর ঝাঁ-চকচকে করা হয়েছে। বিষয়টি আঁচ করে মন্ত্রী প্রশ্ন করেন, আমি আসার আগেই কি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে?
পরিদর্শন শেষে হাসপাতালের পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য মন্ত্রী। তাঁর কথায়, হাসপাতালের পরিষেবা যা দেখলাম, তা দেখে ভালো বলতে পারব না। বলব এক্সেলেন্ট। কিছু কিছু জায়গায় আমার সন্দেহ হয়েছে, এত ভালো কী করে হল! বাড়িতে অতিথি এলে ঘরবাড়ি পরিষ্কার করা হয়। তবে যে পরিষেবা দেখলাম, সেখান থেকে কিছু নম্বর কেটে দিলেও গুড বলতে হবে।