• রাতভর বৃষ্টিতে জলমগ্ন বোলপুর, ভোগান্তি স্থানীয়দের
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর : রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন বোলপুর শহরের বিভিন্ন এলাকা। আজ বুধবার ভোর থেকেই একাধিক পাড়ায় রাস্তায় হাঁটুজল জমে। কোথাও কোথাও জল ঢুকে পড়েছে বাড়ির মধ্যেও। ফলে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

    জানা গেছে, সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে উদয়নপল্লি, নিচু বাঁধগোড়া, মাঠপাড়া সহ শহরের কয়েকটি নিচু এলাকায়। রাতভর বৃষ্টির জল জমে রাস্তাঘাট কার্যত জলাশয়ের চেহারা নিয়েছে। বাড়ির উঠোন পেরিয়ে ঘরের মধ্যেও জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছেন না। কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন তাঁরা। জল ঢুকেছে পূর্ণিদেবী চৌধুরী মহিলা কলেজেও। ফলে কলেজ চত্বরেও জল জমে রয়েছে। পাশাপাশি অনেক বেসরকারি স্কুলে বৃষ্টির জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে। 

    স্থানীয়দের অভিযোগ, এলাকাগুলি নিচু হওয়ায় সামান্য বেশি বৃষ্টি হলেই জল জমে যায়। তার উপর নিকাশি ব্যবস্থা নেই। এবার রাতভর বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাড়িতে জল ঢুকে গেলেও এখনও পর্যন্ত পুরসভার তরফে জল বের করার কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।
  • Link to this news (বর্তমান)