• মণ্ডলপাড়া এলাকায় পুরোনো চাণক্যের কাছে ধস, আতঙ্ক
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাতভর মুষলধারে বৃষ্টির কবলে পাণ্ডবেশ্বর। আর সেই জেরে ধস নামল পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার হরিপুর ৭/৯ পিটের পুরোনো চাণক্যের কাছে মণ্ডলপাড়া এলাকায়। হঠাৎ ধস নামার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। বাড়ছে উদ্বেগ। 

    জানা গিয়েছে, আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে মাটি ধসে যাওয়ার ঘটনাটি। এরপর খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়দের আশঙ্কা, টানা বৃষ্টির কারণে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই ঘটনায় বিজেপি নেতা রবীন্দ্র যাদব জানান, ২০১৮ সালেও এই এলাকায় আগুন লাগার একটি বড়ো ঘটনা ঘটেছিল। সেই সময় ইসিএলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এরপর এলাকায় নিরাপত্তার জন্য কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও জানান, আজ বুধবার সকালে এক মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ভাগ্য ভালো থাকায় তিনি ধসের কবল থেকে অল্পের জন্য রক্ষা পান। ঘটনার পর এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, টানা বৃষ্টির কারণে এলাকার পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। পুরোনো খনি এলাকার আশপাশে ধসের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি স্থানীয়দের। 
  • Link to this news (বর্তমান)